প্রশিক্ষণ দেওয়ার সময় ৩ জেমবি সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাঘববাড়িয়া গ্রাম থেকে প্রশিক্ষণ দেওয়ার সময় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে উল্লাপাড়া থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। 

আটক তিনজন হলেন পঞ্চক্রোসী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামের বেল্লাল হোসেন (২২), সানগাছা গ্রামের ওমর ফারুক (২৩) ও ইদ্রিস আলী (২৫)।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামের ওমর ফারুকের বাড়িতে জেএমবি সদস্যরা প্রশিক্ষণ দিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ফারুকের ঘরের মধ্যে মুঠোফোনের মাধ্যমে ভিডিও ছবি দিয়ে প্রশিক্ষণ দেওয়া অবস্থায় তিনজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও সাত থেকে আট জন পালিয়ে যায়। ওই ঘর থেকে সাতটি জিহাদি বইসহ একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ বলেন, আটককৃত জেএমবি সদস্যরা এই এলাকায় ছয় মাস ধরে প্রশিক্ষণ দিয়ে সদস্য তৈরি করছে বলে পুলিশের কাছে তথ্য দিয়েছে। এদের সঙ্গে আশপাশের উপজেলার আরও বেশ কয়েকজন সদস্য রয়েছে। ঘটনার সময় তারা অন্যস্থানে ছিল বলে আটককৃতরা জানিয়েছেন।

এ ঘটনায় উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া বাদী হয়ে একটি মামলা করেছেন। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।