জামালপুরে জেলা পরিষদ নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন অশালীন বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ভোট গ্রহণ প্রশিক্ষণ সভায় এ ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের কাছে লিখিত অভিযোগ করেন এবং নির্বাচনী সব কার্যক্রম থেকে তাঁকে প্রত্যাহারের দাবি জানান।
জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে গতকাল সকাল ১০টায় ভোট গ্রহণের প্রশিক্ষণ সভা হয়। এতে জেলার ১০৫ জন প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন।
সভায় উপস্থিত কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তা বলেন, প্রশিক্ষণ চলাকালে হঠাৎ করে পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন সভায় উপস্থিত হন।
এ সময় বক্তব্য দিচ্ছিলেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান। কিন্তু তাঁর (ডিসি) কাছ থেকে মাইক্রোফোন নিয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, নির্বাচনে কেউ উল্টাপাল্টা কিছু করলে তাঁকে ধরে এনে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পেটানো হবে। এ ছাড়া তিনি (পুলিশ সুপার) তাঁদের উদ্দেশে বিভিন্ন অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন।
পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন গতকাল রাতে মুঠোফোনে বলেন, ‘নির্বাচনে পক্ষপাতিত্ব করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। কাউকে মারধর করার কথা বলিনি বা কারও উদ্দেশে অশালীন বক্তব্য দিইনি।’
জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘পুলিশ সুপারের অশালীন বক্তব্যের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তিনি মাঝেমধ্যেই এ ধরনের আচরণ করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আপাতত মৌখিকভাবে জানানো হবে।’