প্রশ্ন ফাঁস ও বিক্রির সঙ্গে জড়িত অভিযোগে চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে র্যাব মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও বিক্রির সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে। র্যাব বলেছে, ওই ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের এক কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকার চেক, নগদ টাকা ও ভর্তি পরীক্ষার প্রশ্ন-উত্তরপত্র উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন ভূঁইয়া, জেড এম এ সালেহীন, এস এম সানোয়ার ও আকতারুজ্জামান খান। র্যাব বলেছে, জসিম এই চক্রের হোতা এবং বাকি তিনজন তাঁর পূর্বপরিচিত ও সহযোগী। সালেহীন চিকিৎসক, আকতারুজ্জামান আবাসন ব্যবসায়ী। গত মঙ্গলবার বিকেলে এই চারজনকে আটক করা হয়।
গতকাল বুধবার দুপুরে র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, র্যাব-২-এর একটি দল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মহাখালী ডিওএইচএসের একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা জসিম ও তাঁর তিন সহযোগীকে আটক করা হয়। মেডিকেল কলেজে ভর্তির নিশ্চয়তা দিয়ে তাঁরা শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে আসছেন। অভিযানের সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকার চেক ও নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ভর্তি পরীক্ষার ৮৮টি প্রশ্ন-উত্তরপত্র এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষার নিবন্ধনপত্র উদ্ধার করা হয়।