ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস করে নিজের বোনকে সরবরাহ করায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ভর্তি পরীক্ষা কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বোনের ভর্তি বাতিল করেছে কর্তৃপক্ষ।
উপাচার্যের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির এক সভায় গত সোমবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষকের নাম ইসমাইল হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থীর নিকটাত্মীয় পরীক্ষার্থী অংশ নিলে ওই শিক্ষকের প্রশ্ন প্রণয়ন ও মডারেশনে থাকা যাবে না। এই নিয়ম লঙ্ঘন করে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান অনুষদের প্রশ্ন প্রণয়ন এবং মডারেশন বোর্ডে ছিলেন গণিত বিভাগের প্রভাষক ইসমাইল হোসেন।
এদিকে ভর্তি পরীক্ষার পর ওই শিক্ষকের ছোট বোন ইহতেশামুন্নেছা মেধা তালিকায় ওই অনুষদ থেকে দ্বিতীয় স্থান অধিকার করায় এ নিয়ে প্রশ্ন ওঠে।
ঘটনা জানাজানি হলে প্রগতিশীল ছাত্রজোটের পক্ষ থেকে কয়েক দিন ধরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। সেই সঙ্গে উপাচার্য বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। স্মারকলিপিতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশ্ন জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ দাবির পরিপ্রেক্ষিতে ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটি ঘটনা তদন্ত করে এর সত্যতা পেয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপাচার্য এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। সেই সঙ্গে অভিযুক্ত শিক্ষক ইসমাইল হোসেনকে আগামী পাঁচ বছর ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন, মডারেশন, প্রিন্টিং ও প্যাকেজিং-সংক্রান্ত সব কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করে ইসমাইল হোসেন বলেন, ‘আমার বোন যোগ্যতা অনুযায়ী মেধা তালিকায় স্থান পেয়েছে।’ কোনো নিকটাত্মীয় ভর্তি পরীক্ষায় অংশ নিলে শিক্ষককে প্রশ্ন প্রণয়নসহ অন্য কোনো ভর্তি পরীক্ষার সঙ্গে যুক্ত থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না।’