
>• এসএসসির আবশ্যিকসহ ১২টি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
• প্রশ্ন ফাঁস ঠেকাতে পারেনি সরকার।
• ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে উচ্চ আদালতে রিট।
• ১৫ ফেব্রুয়ারি উচ্চ আদালত দুটি কমিটি করে দেন।
• আন্তমন্ত্রণালয় কমিটির প্রতিবেদন জমা পড়েনি।
এসএসসিসহ পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে উচ্চ আদালতের করে দেওয়া প্রশাসনিক কমিটি প্রাথমিক কাজ শুরু করেছে। তবে পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা হবে ৬ মার্চ। কমিটির একজন সদস্য গত মঙ্গলবার প্রথম আলোকে এই তথ্য জানান।
১ ফেব্রুয়ারি শুরু হয়ে একের পর এক প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে এসএসসির লিখিত পরীক্ষা গত ২৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। প্রশ্নপত্র ফাঁসকারীদের ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণাসহ এক ডজন সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন ফাঁস ঠেকাতে পারেনি সরকার। ১৭ দিন লিখিত পরীক্ষা ছিল। এর মধ্যে ১২ দিনে আবশ্যিকসহ ১২টি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
প্রশ্নপত্র ফাঁস নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে একটি রিটের পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি উচ্চ আদালত বিচারিক ও প্রশাসনিক নামে দুটি কমিটি করে দেন। প্রশাসনিক কমিটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. কায়কোবাদ। অন্য কমিটির নেতৃত্বে রয়েছেন ঢাকার জেলা ও দায়রা জজ।
জানতে চাইলে প্রশাসনিক কমিটির সদস্য বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ সোহেল রহমান মঙ্গলবার প্রথম আলোকে বলেন, গত শুক্রবার আদালতের প্রত্যয়িত কপি পাওয়ার পর কমিটি গঠনের জন্য প্রতিনিধি দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে চিঠি দেন কমিটির প্রধান। একই সঙ্গে ৬ মার্চ পূর্ণাঙ্গ কমিটির সভা হবে জানিয়ে প্রয়োজনীয় তথ্য নিয়ে আসতেও চিঠিতে বলা হয়েছে। তিনি বলেন, তাঁরা ইতিমধ্যে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এবং একজন প্রযুক্তিবিদের সঙ্গে পরামর্শ করেছেন।
আদালতের করা প্রশাসনিক কমিটিতে বুয়েটের ওই দুই অধ্যাপক ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, ডিআইজি পদমর্যাদার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একজন প্রতিনিধি ও গোয়েন্দা বিভাগের একজন প্রতিনিধি, বেসিসের একজন প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। ঢাকা জেলা জজ আদালত সূত্র জানিয়েছে, হাইকোর্টের আদেশের কপি জেলা জজ আদালতে গতকাল পর্যন্ত আসেনি।
আন্তমন্ত্রণালয় কমিটির প্রতিবেদন জমা পড়েনি
অন্যদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ যাচাই-বাছাইয়ে গঠিত আন্তমন্ত্রণালয় কমিটিও কাজ শেষ করে প্রতিবেদন তৈরির কাজ করছে। কমিটি সূত্রে জানা গেছে, পরীক্ষা বাতিলের সুপারিশের সম্ভাবনা একেবারেই কম। কমিটির একজন সদস্য জানান, গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। প্রথম দুই দিনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর ব্যাপক সমালোচনার মুখে ৪ ফেব্রুয়ারি এই আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়।