প্রশ্ন ফাঁসের অভিযোগ শিক্ষকসহ আটক ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলায় দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ ১১ জনকে আটক করে গতকাল সন্ধ্যায় তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
গতকাল রোববার সকালে পরীক্ষা চলাকালে রাজাপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্র-সংলগ্ন এতিমখানা থেকে প্রশ্নপত্র ও কয়েকটি গাইডসহ তাঁদের আটক করা হয়।
তবে থানা-পুলিশের দাবি, প্রশ্নপত্র ফাঁস করে পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করতে পারে—এমন সন্দেহে ওই ১১ জনকে আটক করা হয়েছিল। এ সময় তাঁদের কাছ থেকে প্রশ্নপত্র বা অন্য কোনো কাগজপত্র পাওয়া যায়নি।
আটক ব্যক্তিরা হলেন পূর্ব আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাবিবুর রহমান (৫৫), এমদাদিয়া লেবুবুনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. নজরুল ইসলাম (৫৫), পুটিয়াখালী জালালশাহী মাদ্রাসার শিক্ষক আবুল কালাম (৪২), গালুয়া মাদ্রাসার শিক্ষক মেহেদী হাসান (২৫), আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবু হানিফ (৩৮), কাঁঠালিয়া মাদ্রাসার শিক্ষক জাকির হোসেন (৫০), অভিভাবক নুরুল ইসলাম (৩৭), শিক্ষার্থী কামরুল ইসলাম (১৮), গোলাম কিবরিয়া (১৮), শামিম জমাদ্দার (২৫) ও সবুর আকন (২৮)।
নাম গোপন রাখার শর্তে চারজন শিক্ষক জানান, ভালো ফলাফল করানোর জন্য বিভিন্ন মাদ্রাসার শিক্ষকেরা পরীক্ষা শুরু হওয়ার পর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কৌশলে কেন্দ্র থেকে প্রশ্নপত্র বাইরে নিয়ে আসেন এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের দিয়ে তার উত্তর তৈরি করে আধা ঘণ্টার মধ্যে পরীক্ষা হলে শিক্ষার্থীদের সরবরাহ করেন। এ জন্য সবকিছু ম্যানেজ করার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ থেকে ৭০০ টাকা করে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। গতকাল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট পর প্রশ্নপত্র বাইরে নিয়ে আসেন তাঁরা। রাজাপুর ফাজিল মাদ্রাসা-সংলগ্ন এতিমখানার একটি কক্ষে বসে তার উত্তর তৈরি করছিলেন তাঁরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই ১১ জনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে রাজাপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্রসচিব আবদুল হাই বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে যে অভিযোগ, তা সবই ঘটছে কেন্দ্রের বাইরের লোকদের দিয়ে। এর সঙ্গে এই কেন্দ্রের কর্তব্যরত কোনো শিক্ষকের সম্পৃক্ততা নেই। আজকের পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই এই চক্রের কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। তবে আমাদের পরীক্ষা ভালোভাবে সম্পন্ন হয়েছে।’
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাইউম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘ইউএনওর নেতৃত্বে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ১১ জনকে প্রশ্নপত্র ফাঁসের সন্দেহে আটক করেছিলাম। পরে ইউএনওর নির্দেশে তাঁদের মুচলেকা রেখে গতকাল সন্ধ্যায় ছেড়ে দিই।’