প্রশ্ন ফাঁসের অভিযোগে কলেজছাত্র আটক
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারের বড়লেখা থেকে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। গত শনিবার মধ্যরাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের মাইজগ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটক মুন্না আহমেদ নান্নু বিয়ানীবাজার সরকারি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী বলেন, মুন্নাসহ আরও কয়েকজন মিলে মিথ্যা আইডি দিয়ে ফেসবুকে গ্রুপ খুলেছেন। সেখানে তাঁরা বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন। এর বিনিময়ে মুঠোফোনে অর্থ লেনদেনের মাধ্যম বিকাশে টাকা নেন। সর্বশেষ এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র এবং পদার্থ বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস করা হয় ওই ফেসবুক গ্রুপের মাধ্যমে।
সংবাদ সম্মেলনে মুন্না আহমেদ বলেন, তাঁর এক ফেসবুক বন্ধু তাঁকে প্রশ্নপত্র ফাঁসে জড়িত করেন। সেই বন্ধুর সঙ্গে তাঁর কখনো দেখা হয়নি।