প্রশ্ন ফাঁসের দায়ে সাংবাদিকের দুই বছর কারাদণ্ড
কুষ্টিয়ার মিরপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্র থেকে প্রশ্নপত্র বাইরে এনে উত্তরপত্র প্রস্তুতের দায়ে স্থানীয় পত্রিকার এক সাংবাদিককে দুই বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন (৩৮) মিরপুর উপজেলার নওপাড়ার মৃত ইছাহক আলীর ছেলে। তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক মাটির ডাক পত্রিকার মিরপুর প্রতিনিধি।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আনোয়ার তাঁর সহযোগী তরিকুল ইসলামের মাধ্যমে এসএসসি পরীক্ষার একটি কেন্দ্র থেকে মুঠোফোনে পদার্থবিজ্ঞানের সৃজনশীল প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে নিয়ে আসেন। দুপুর ১২টার দিকে শহরের সিরাজ চৌধুরী মার্কেটের একটি দোকানে বসে সাদা কাগজে উত্তরপত্র তৈরি করে তা ফটোকপি করছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আনোয়ারকে আটক করে ইউএনও কার্যালয়ে নেওয়া হয়। পরীক্ষা শেষে এক পরীক্ষার্থীর প্রশ্নপত্র নিয়ে তার সঙ্গে আনোয়ারের মুঠোফোনে তোলা ছবির প্রশ্নের মিল পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মাহবুবুর রহমান বলেন, আনোয়ার দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন।