প্রশ্ন ফাঁসের মামলা: রংপুরের তিন চিকিৎসক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস মামলার আসামি হয়ে কারাগারে যাওয়ায় রংপুরের তিন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার জিল্লুর রহমান ওরফে রনি, সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার শরিফুল ইসলাম অন্তু ও সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান পাভেল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বরখাস্তের বিষয়টি গত সোমবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে জানানো হয়। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আনিছুর রহমান গতকাল বৃহস্পতিবার রাতে মোবাইলে প্রথম আলোকে তিন চিকিৎসকের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর রংপুর নগরের ধাপ এলাকার দুটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তিন চিকিৎসকসহ সাতজনকে আটক করে র‍্যাব-১৩ এর একটি দল। চিকিৎসক মোস্তাফিজুর রহমান পাভেল এ ওয়ান কোচিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং চিকিৎসক জিল্লুর রহমান ও চিকিৎসক শরিফুল ইসলাম একই প্রতিষ্ঠানের পরিচালক। আটক অন্যরা হলেন এ-ওয়ান কোচিং সেন্টারের শিক্ষক আতিকুর রহমান আদিল, জামিল উদ্দিন ও সাজরাতুল ইয়াক্কীন রানা এবং প্রাইমেট কোচিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর রহমান। পরদিন ২৩ সেপ্টেম্বর তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কোতোয়ালি থানা-পুলিশ কারাগারে পাঠায়।
পরবর্তী সময়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় প্রশ্ন ফাঁসের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের ২৯ সেপ্টেম্বর ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে অসুস্থতার কারণে চিকিৎসক শরিফুল ইসলামকে জামিন দেন আদালত। অন্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।