প্রশ্নপত্র খুঁজে না পাওয়ায় পরীক্ষা স্থগিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ২৫০ জন শিক্ষার্থী প্রশ্নপত্রের অভাবে গতকাল রোববার ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের রচনামূলক অংশের পরীক্ষা দিতে পারেনি।

পরীক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার থেকে বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়। সময়সূচি অনুযায়ী গতকাল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ষষ্ঠ শ্রেণির ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ওই বিষয়ের নৈর্ব্যক্তিক অংশের পরীক্ষা হয়। এরপর রচনামূলক অংশের পরীক্ষা হওয়ার কথা। কিন্তু শিক্ষকেরা খোঁজাখুঁজি করেও প্রশ্নপত্র পাচ্ছিলেন না। এ অবস্থায় শিক্ষার্থীরা কিছু সময় অপেক্ষা করে ওই অংশের পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরে যায়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বলেন, সিলেটের একটি প্রকাশনা প্রতিষ্ঠানে তাঁরা বিভিন্ন শ্রেণির প্রশ্নপত্র ছাপিয়েছেন। সেখান থেকে কুরিয়ার সার্ভিসে তাঁদের কাছে প্রশ্নপত্র পাঠানো হয়। ভুলে ষষ্ঠ শ্রেণির রচনামূলক অংশের প্রশ্নপত্রের বান্ডিল কুরিয়ার সার্ভিসের স্থানীয় কার্যালয়ে ফেলে আসা হয়েছে।