প্রশ্নপত্র ফাঁস: অধ্যক্ষ আলিম কারাগারে
প্রশ্নপত্র ফাঁসের মামলায় রাজধানীর কমলাপুর শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল আলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম জসীম উদ্দিন এ আদেশ দেন। এর আগে চার দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করেন মতিঝিল থানায় করা এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক দেলোয়ার হোসেন। আদালতে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়, এই আসামি ধূর্ত প্রকৃতির। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিতে ইচ্ছুক নন।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১ মার্চ কমলাপুর শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির শিক্ষক রফিকুল ইসলামসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন শিক্ষক রফিকুল ও জ্ঞানকোষ একাডেমি নামের একটি কোচিং সেন্টারের শিক্ষক জহিরুল ইসলাম। এঁদের জবানবন্দির ওপর ভিত্তি করেই অধ্যক্ষ আবদুল আলিম ৭ মার্চ গ্রেপ্তার হন। পরদিন আদালত তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় এখন পর্যন্ত নয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।