প্রশ্নপত্র ফাঁসকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ইতিমধ্যে পুলিশ এ বিষয়ে প্রতিবেদন দিয়েছে। যাঁরা জড়িত, তাঁদের মধ্যে শিক্ষকও আছেন, অন্যরাও আছেন। আইন অনুসারে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার, পুলিশ সবাই এ বিষয়ে দৃঢ় অবস্থানে আছে। প্রশ্নপত্র ফাঁসকে বড় সমস্যা বলেও মন্তব্য করেন তিনি।
নুরুল ইসলাম নাহিদ বলেন, পাঠ্যপুস্তকে ভুলত্রুটির বিষয়ে করা তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বিষয়টি এখন পর্যালোচনা করা হচ্ছে। যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন বলেন, ভুলের সংশোধনী দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু
সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৭-এর খবর জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ১৩ ও ১৪ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রতিযোগিতা শুরু হয়। ১৮, ১৯ ও ২০ মার্চ উপজেলা পর্যায়ে, ২২ মার্চ জেলা পর্যায়ে, ২৩ মার্চ ঢাকা মহানগরী পর্যায়ে ও ২৮ মার্চ বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সর্বশেষ ৩০ মার্চ ঢাকার আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা। চারটি বিষয়ে মোট ১২ জন প্রতিযোগীকে চূড়ান্তভাবে মনোনীত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার দেবেন।