প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার দায়ে দুদক কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিদর্শক মুহাম্মদ মফিজুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে বরখাস্ত করা হয়। খবর বাসসের।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে বরখাস্তের ওই নির্দেশ দেওয়া হয়।
ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার দায়ে মফিজুরকে বরখাস্ত করা হয় বলে দুদক সূত্রে জানা যায়। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, ২০১২ সালের ২১ অক্টোবর ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ডিবি পুলিশ মফিজুর রহমানকে গ্রেপ্তার করে । ওই সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ব্যবহৃত আটটি মোবাইলসদৃশ ঘড়ি ও একটি চার্জার জব্দ করা হয়। গ্রেপ্তারের পরের দিন পুলিশ তাঁর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় এ ঘটনায় একটি মামলা করে।
২০১২ সালের ৩০ ডিসেম্বর দুদক (কর্মচারী) চাকরি বিধিমতে ‘অসদাচরণ’ ও ‘প্রতারণা’র অভিযোগে মফিজুর রহমানের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা করে কমিশন।

২০১৩ সালের ২০ জানুয়ারি মফিজুর রহমান কমিশনে তাঁর জবাব দাখিল করেন। কিন্তু জবাব গ্রহণযোগ্য না হওয়ায় বিভাগীয় মামলাটি তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিশনের একজন কর্মকর্তাকে নিয়োগ করা হয়। তদন্তে মফিজুরের বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’ ও ‘প্রতারণা’র অভিযোগ প্রমাণিত হয় বলে তদন্ত কর্মকর্তা তাঁর প্রতিবেদনে উল্লেখ করেন।
মফিজুর রহমানের লিখিত জবাব এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার নিষ্পত্তি শেষে আজ তাঁকে বরখাস্ত করা হয়।