প্রশ্নপত্র ফাঁসে ৭ শিক্ষকসহ ১৯ জনের নাম এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ
আমরা এমন একটি পরিবেশের মধ্যে আছি যা আমরা সব খুলে বলতেও পারি না, সহ্যও করতে পারি না। কিন্তু আমরা আর সহ্য করব না। সত্যিকার অর্থে আমাদের মূল্যবোধসম্পন্ন শিক্ষক বেশি দরকার
নুরুল ইসলাম নাহিদ, শিক্ষামন্ত্রী

রাজধানীর মতিঝিল এলাকার চারটি স্কুলের ৭ শিক্ষকসহ মোট ১৯ ব্যক্তির বিরুদ্ধে মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। জ্ঞানকোষ একাডেমি নামে একটি কোচিং সেন্টারের আড়ালে অসাধু শিক্ষকসহ অন্যরা মিলে প্রশ্নপত্র ফাঁসের এই শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন। আদালত ও পুলিশ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

কয়েক বছর ধরে নানা উপায়ে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে আসছে। শিক্ষা মন্ত্রণালয় বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে। চলতি বছরের এসএসসি পরীক্ষার গণিতের প্রশ্নপত্র পরীক্ষার দিন সকালেই ছড়িয়ে পড়ে। তখন ঢাকা বোর্ডের পক্ষ থেকে সন্দেহ প্রকাশ করা হয় যে পরীক্ষা শুরুর আগেভাগে শিক্ষকের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হতে পারে। সমালোচনার মুখে ওই পরীক্ষা বাতিল করা না হলেও মন্ত্রণালয় পুলিশ ও গোয়েন্দাদের আন্তরিক সহায়তা চায়।
ইতিমধ্যে পুলিশ প্রশ্নপত্র ফাঁসের মতিঝিলকেন্দ্রিক একটি সিন্ডিকেটের প্রায় সবাইকে চিহ্নিত করেছে। ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন ৯ আসামি। তাঁদের জবানবন্দি ও জিজ্ঞাসাবাদে আরও ১০ জনের নাম এসেছে এবং তাঁদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে বলে তদন্ত সূত্র নিশ্চিত করেছে।
দুই শিক্ষকের জবানবন্দি এবং পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষাকেন্দ্রে প্রশ্ন পৌঁছার পরপরই মোবাইল ফোনে ছবি তোলা হয়। এরপর তাঁরা ফেসবুকের ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রশ্নপত্র সিন্ডিকেট সদস্যদের কাছে পাঠাতেন। প্রশ্ন অনুযায়ী জবাব তৈরি করে আবারও তা অসাধু শিক্ষকদের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হতো। এই প্রক্রিয়ার মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, মূলত দুটি প্রক্রিয়ায় প্রশ্ন ফাঁস হয়। একটি পরীক্ষা শুরুর কয়েক দিন আগে এবং এই প্রক্রিয়ায় আসল ও ভুয়া—দুই ধরনের প্রশ্ন কেনাবেচা হয়। অপর প্রক্রিয়া হচ্ছে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছার পর অল্প সময়ের মধ্যে তা ছড়িয়ে দেওয়া। মতিঝিলকেন্দ্রিক সিন্ডিকেট মূলত অল্প সময়ে প্রশ্ন কেনাবেচা করে আসছে। এই প্রক্রিয়া আঁচ করতে পেরে শিক্ষা মন্ত্রণালয় এবার এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রসচিবসহ পরিদর্শকদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কেবল কেন্দ্রসচিবকে সাধারণ একটি ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, শিক্ষকসহ কোচিং সেন্টারের সদস্যরাই প্রশ্নপত্র সংগ্রহ, বিতরণ ও অর্থ লেনদেনের কাজগুলো করতেন। পুলিশের তদন্তে জ্ঞানকোষ একাডেমির নাম এসেছে, যেটিকে কেন্দ্র করে এসব কর্মকাণ্ড পরিচালিত হতো। ওই কোচিং সেন্টারের পরিচালক রফিকুল ইসলামকে ১ মার্চ পুলিশ গ্রেপ্তার করে। তিনি কমলাপুর শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির শিক্ষক, বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার তাবুলপাড়া গ্রামে। মামলার এজাহারে বয়স উল্লেখ আছে ৪৫ বছর।
গতকাল শুক্রবার জ্ঞানকোষ একাডেমিতে গিয়ে দেখা যায়, এটির মূল ফটক তালাবদ্ধ। মতিঝিল থানার দক্ষিণ কমলাপুরের পাঁচতলা ভবনের নিচের দুটি কক্ষ ভাড়া নিয়ে রফিক মাস্টার কোচিং সেন্টারটি চালান। কমলাপুর শেরেবাংলা উচ্চবিদ্যালয়ের খুব কাছেই এর অবস্থান। কোনো সাইনবোর্ড না থাকলেও স্থানীয় ব্যক্তিদের কাছে এটা বেশ পরিচিত।