ভোলা মুখ্য বিচারিক আদালতের সহায়ক কর্মচারী পরীক্ষা
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষা শুরু না হতেই বন্ধ
ভোলা মুখ্য বিচারিক হাকিম আদালতে ‘সহায়ক কর্মচারী নিয়োগ পরীক্ষা’র প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর গতকাল শুক্রবার সকালে পরীক্ষা শুরু হতে না হতেই বন্ধ করে দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ করলে বেলা আড়াইটা থেকে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। তাতে অর্ধেকের কম পরীক্ষার্থী অংশ নেন। তখন অনেক ছাত্রের আরেকটি পরীক্ষা ছিল বলে কয়েকজন শিক্ষার্থী জানান।
জানতে চাইলে নিয়োগ কমিটির প্রধান মুখ্য বিচারিক হাকিম এম এ রব হাওলাদার সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাহিদুর রহমান বলেন, ‘মন্ত্রণালয় থেকে ওপরের কর্মকর্তা এসে পরীক্ষা বন্ধ করে হাতে নতুন প্রশ্ন তৈরি করে পরীক্ষা নিয়েছেন। এ জন্য সকাল ১০টার পরীক্ষা বেলা আড়াইটায় শুরু হয়েছে।’
পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, মুখ্য বিচারিক হাকিম আদালতের নিয়োগ কমিটি আটটি সহায়ক কর্মচারী পদে ১৮ জনকে নিয়োগের জন্য গতকাল ১০টায় পরীক্ষার আয়োজন করে। পদগুলো হচ্ছে নৈশপ্রহরী একটি, প্রসেস সার্ভার ১১টি, মালি একটি, এমএলএসএস (মহিলা) একটি, স্টেনোগ্রাফার একটি, সহকারী লাইব্রেরিয়ান একটি, তুলনা সহকারী একটি ও ডেসপাচ সহকারী একটি। এই ১৮টি পদে চাকরির জন্য দুই হাজার ৬৪০ জন আবেদন করেন।
পরীক্ষার্থী মাহবুব আলম, মো. নিজাম উদ্দিন, মো. রবিউল ইসলাম, মো. মাকসুদুর রহমানসহ একাধিক পরীক্ষার্থী বলেন, তাঁরা দুই দিন আগে থেকে শুনছেন পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। গতকাল পরীক্ষা শুরুর ১০ মিনিট পর কক্ষ পরিদর্শকেরা পরীক্ষা স্থগিত করে খাতা নিয়ে যান। পরে কেন্দ্র থেকে বের হয়ে দেখেন, ফটোকপির দোকানে উত্তরসহ প্রশ্ন বিক্রি হচ্ছে। সবার হাতে হাতে সেই প্রশ্ন।
সরেজমিনে দেখা যায়, পরীক্ষার্থীরা সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। পরে মুখ্য বিচারিক হাকিম আদালতের ভেতরে ঢুকতে চাইলে পুলিশ ফটক বন্ধ করে দেয়। মুখ্য বিচারিক হাকিম প্রধান ফটকে এসে পরীক্ষার্থীদের শান্ত থেকে দুপুরে পরীক্ষার প্রস্তুতি নিতে বলেন। এ সময় পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁসসহ নানা অনিয়মের অভিযোগ তোলেন।
এদিকে বেলা আড়াইটায় পরীক্ষা শুরু হলেও অনেক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। টাউন কমিটি মাধ্যমিক (বাংলা স্কুল) বিদ্যালয় কেন্দ্রে ছয়টি কক্ষে ৬৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৭ জন উপস্থিত ছিলেন। ওবায়দুল হক মহাবিদ্যালয় কেন্দ্রের তিন কক্ষে ১২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জন ছিলেন। বাকি কেন্দ্রগুলোতে একই অবস্থা লক্ষ করা গেছে।
পরীক্ষার্থীরা আরও জানান, দুপুরের পর অনেকের একাদশ ও দ্বাদশ শ্রেণির বার্ষিক এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ডিগ্রি পঞ্চম সেমিস্টারের পরীক্ষা ছিল। এ জন্য তাঁরা অন্য দিন নতুন প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিলেন।