প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুদকের কর্মকর্তা বরখাস্ত
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান সংস্থার সহকারী পরিদর্শক মফিজুর রহমানকে বরখাস্তের আদেশে সই করেন।
দুদক সূত্র জানায়, ২০১২ সালে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মফিজুর রহমানকে বরখাস্ত করা হয়।
দুদক সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকায় ২০১২ সালের ২১ অক্টোবর মফিজুর রহমানকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ওই সময় প্রশ্নপত্র ফাঁসে ব্যবহার করা আটটি ঘড়িসদৃশ মুঠোফোন ও একটি চার্জার জব্দ করা হয়। পরদিন এ ব্যাপারে শাহবাগ থানায় মামলা করে ডিবি পুলিশ। পাশাপাশি মফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে দুদক।
তদন্ত শেষে মফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ৩১ নভেম্বর তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। ফৌজদারি মামলা নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গে ওই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা ছিল। সম্প্রতি ওই মামলা নিষ্পত্তি হওয়ায় মফিজুর রহমানকে চাকরি থেকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।