প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ১
চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ফরিদপুরে লুৎফর রহমান (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার পরীক্ষা শুরুর আগে তাকে আটক করা হয়। তার মোবাইলে পাওয়া ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায়। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে একটি মামলা করা হয়েছে।
লুৎফর রহমান ফরিদপুর সদর উপজেলার চর দুর্গাপুর গ্রামের ছেলে। সে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ হোসেন ফারবি বলেন, গতকাল সকাল সোয়া ৯টার দিকে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন দিয়ে বের হয়ে যাওয়ার সময় তিনি স্কুল ফটকের অদূরে ওই যুবককে ঘিরে ৪-৫ জন মেয়েকে দেখতে পান। সন্দেহ হলে তিনি লুৎফরকে আটক করেন।
মেহনাজ হোসেন বলেন, পরে লুৎফরের মোবাইলে ইংরেজি দ্বিতীয় পত্রের একটি প্রশ্নপত্র পাওয়া যায় যা পরীক্ষার প্রশ্নের সঙ্গে হুবহু মিলে যায়। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য দুপুরে লুৎফরকে থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) বিপুল কুমার দে বলেন, এ ব্যাপারে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব সতীন্দ্র নাথ ভৌমিক বাদী হয়ে রাত সাড়ে ৯টার দিকে ওই তরুণের বিরুদ্ধে মামলা করেন। ২০০৬ সালের তথ্য ও যোগযোগ আইন এবং ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা অপরাধ আইনে মামলাটি করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিপুল দে বলেন, আজ বৃহস্পতিবার লুৎফরকে জেলার মুখ্য হাকিমের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। লুৎফরের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ডিভাইসে ওই প্রশ্ন কীভাবে এল এবং এ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ মোবাইলটি ঢাকায় সিআইডির সাইবার ক্রাইম শাখায় পাঠানো হয়েছে।