সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রোববার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার করমজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব রায়হানকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, রোববার সকালে বিদ্যালয়ে আসার পথে শিক্ষক মাহবুব রায়হানকে গ্রেপ্তার করে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাহবুব উপজেলার কাদোয়া গ্রামের বাসিন্দা।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি জয়পুরহাট জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় একটি মামলা করা হয়। ইতিপূর্বে ওই ঘটনায় কবিরুল ও আবদুল কাহার নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার আমিনুর রহমান নামে আরেকজনকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়। আমিনুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মাহবুব রায়হানকে গ্রেপ্তার করা হয়।