প্রশ্নপত্রে কয়েক ব্যক্তিকে কটাক্ষ, পরীক্ষা বাতিল
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নবম ও দশম শ্রেণির প্রশ্নপত্রে স্থানীয় কয়েক ব্যক্তিকে কটাক্ষের অভিযোগে পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই প্রশ্ন তৈরিতে জড়িত দুই বিদ্যালয়ের দুই শিক্ষক মোজাফ্ফর হোসেন ও সঞ্চয় কুমার মণ্ডলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে পুরো বিষয়টি তদন্তের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বর্তমানে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির প্রাক্-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে ৪ জুন দশম শ্রেণির শিক্ষার্থীদের ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ইসলাম ধর্মের প্রশ্নপত্রের উদ্দীপকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমানকে একজন আদর্শ চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়। তিনি ন্যায়বিচার করেন ও সত্য ঘটনা অনুসন্ধানে পাড়া-মহল্লায় ঘুরে বেড়ান বলেও উল্লেখ করা হয়। এ ছাড়া নিজ ছেলের অপরাধের শাস্তি দিতেও তিনি কার্পণ্য করেননি বলেও উদ্দীপকে উল্লেখ করা হয়। নির্ধারিত প্রশ্নে শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয়, ‘উদ্দীপকে চেয়ারম্যান সাদেকুর রহমানের মধ্যে কার আদর্শ খুঁজে পাওয়া যায়?’
একই প্রশ্নপত্রের অন্য অংশে এনজিও পরিচালক লুৎফর রহমানকে দানের ব্যাপারে কৃপণ, সাবেক এমপি গোলাম রেজা দশম শ্রেণি পাস ইত্যাদি উল্লেখ করা হয়।
বিষয়টি জানাজানি হওয়ার পর প্রশ্নপত্র অনুসরণকারী সবগুলো বিদ্যালয় ওই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়। ওই ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন মিছিল-সমাবেশ করার ঘোষণা দেন।
এদিকে গতকাল শনিবার নবম শ্রেণির হিন্দু ধর্মের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিতর্ক ওঠে। ওই শ্রেণির পরীক্ষার একটি উদ্দীপকে উল্লেখ করা হয়, অজিত বাম রাজনীতির সঙ্গে যুক্ত। উচ্চশিক্ষিত সুজিত বাম দলগুলোর সংস্পর্শে এসে অহংকারী হয়ে ওঠেন। এরপরই পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে।
এ বিষয়ে জানতে চেষ্টা করেও নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোজাফ্ফর হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে তিন দিনের মধ্যে এ বিষয়ে জবাব দেওয়ার জন্য নোটিশ দিয়েছে।
হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সঞ্চয় কুমার মণ্ডল বলেন, তিনি একটি লেকচার গাইড দেখে প্রশ্নপত্র করেছিলেন। ভুল হলে অনিচ্ছাকৃতভাবে হয়েছে। কোনো দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তিনি প্রশ্নপত্র করেননি।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম জানান, দুই তদন্ত কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।