প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, সরবরাহ ও ছাপার কাজে যুক্ত কেউ না কেউ জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ। এর কারণ হিসেবে বলা হয়েছে, এর আগে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে বিজি প্রেসের কর্মচারীদের সম্পৃক্ততা পেয়েছিল পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন। ‘ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের’ ছয়জনকে গ্রেপ্তারের বিষয়টি জানাতে এই সংবাদ সম্মেলন করা হয়। এই ছয়জন হলেন রাজু আহম্মেদ, ফয়সালুর রহমান, জোহায়ের আয়াজ, মহিউদ্দিন ইমন, স্বাধীন আল মাহমুদ ও কাজী রাশেদুল ইসলাম। তাঁদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। ফয়সালুর মূল উদ্যোক্তা। গ্রেপ্তারকৃতদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।
পুলিশ বলেছে, ডিবির ক্যান্টনমেন্ট জোনাল টিম ১২ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই ছয়জনকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার করা চক্রটি প্রথমে অনলাইনভিত্তিক একটি অ্যাপ তৈরি করে। পরে গ্রাহকের একটি গ্রুপ তৈরি করে সদস্য সংগ্রহ করা হয়। এই গ্রুপে যুক্তদের মধ্যে যারা টাকা দেয়, তাদের প্রশ্নপত্র দেওয়া হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করেও কথিত ফাঁস হওয়া প্রশ্নপত্র আদান-প্রদান করা হয়। প্রশ্ন পাওয়ার জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়।
আবদুল বাতেন বলেন, এই চক্র যে প্রশ্নপত্রকে ফাঁস হওয়া প্রশ্নপত্র বলেছে, তা মূল প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। কিছু ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে ৩০ থেকে ৪০ শতাংশ মেলে। তিনি বলেন, তাঁরা প্রশ্নপত্র ফাঁসের মূল উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন। ইতিমধ্যে ছয়টি স্তর পার করেছেন। আরও দুটি স্তর তাঁদের দেখতে হবে।
পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ল্যাপটপ, সিপিইউ, রাউটার, মোবাইল ফোন, সিমকার্ড জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বলেছেন, বিভিন্ন ডিভাইস ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন নামে ভুয়া আইডি, ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপ ও হোয়াটস অ্যাপের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে অর্থ আদায় করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, ডিএমপির গোয়েন্দা বিভাগের উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রভাব দেখে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী
সিলেট থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, গতকাল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, কখন প্রশ্ন ফাঁস হয়েছে, কতটুকু ফাঁস হয়েছে এবং সেটা পরীক্ষার্থীদের ওপর কতটুকু প্রভাব ফেলেছে তা দেখার পর পরীক্ষা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, কারও একক চেষ্টায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।
চলতি এসএসসি পরীক্ষার গণিতের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর শিক্ষামন্ত্রী বলেছিলেন, প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করা হবে। যদি দেখা যায় সত্যিই ফাঁস হয়েছে, তাহলে ওই পরীক্ষা বাতিল করা হবে। তবে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, এখনো তদন্ত কমিটি হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন গতকাল প্রথম আলোকে বলেন, স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেলে তা যেন সঙ্গে সঙ্গে জানায়। জানানোর পর সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করা হবে।