প্রশ্নফাঁস বন্ধে 'স্মার্ট' পদ্ধতি
প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কম্পিউটার ও প্রিন্টার থাকবে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে একযোগে ই-মেইলের মাধ্যমে সেখানে পরীক্ষার প্রশ্নপত্র পাঠানো হবে। কিন্তু পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগে তা দেখার কোনো সুযোগ থাকবে না। নির্ধারিত সময়ে মুঠোফোনে পাঠানো কোড নম্বর (পাসওয়ার্ড) ব্যবহার করে স্বয়ংক্রিয় ও নিয়ন্ত্রিতভাবে ওই কার্যালয়েই প্রশ্নপত্র ছাপা হবে।
পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে ‘স্মার্ট প্রিন্টিং সলিউশন’ নামের এ পদ্ধতির প্রস্তাব করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ। গতকাল সোমবার বুয়েটে ‘পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে ডিজিটাল প্রশ্নপদ্ধতির উদ্যোগ ও বাস্তবতা’ শীর্ষক জাতীয় সেমিনারে সিএসই বিভাগের অধ্যাপক মোস্তফা আকবর এই পদ্ধতির বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। তবে সেমিনারে বক্তারা বলেন, এই প্রস্তাব বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ জরুরি।
এই পদ্ধতি অনুযায়ী, একটি সফটওয়্যারে প্রতিটি কেন্দ্র ও কক্ষভিত্তিক শিক্ষার্থীর তথ্য, পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্র ও কেন্দ্রের তালিকা, কেন্দ্রের তত্ত্বাবধায়কের মুঠোফোন নম্বর প্রভৃতি সংরক্ষিত থাকবে। প্রশ্নের অনেকগুলো ‘সেট’ থাকবে। পরীক্ষা শুরুর আগে জানা যাবে, কোন সেটে পরীক্ষা হবে। তবে একই সেটের প্রশ্নগুলোও ওলটপালট করা থাকবে।
ছাপাখানায় (ইউএনও কার্যালয়ের ওই কক্ষে) প্রবেশে হাতের ছাপ বা ফেস ডিটেকশন পদ্ধতি ব্যবহার করা হবে। সমস্ত কার্যকলাপই সিসিটিভির মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। সেখানে একটি কেন্দ্রের প্রতিটি কক্ষের পরীক্ষার্থীর সংখ্যার সমান প্রশ্নপত্র আলাদা রঙের খামে করে তাঁরা বাহকের কাছে তুলে দেবেন। বাহক সেটি কেন্দ্রে পৌঁছে দেবেন। এ সমস্ত বিষয় দুই ঘণ্টার মধ্যেই বাস্তবায়ন করতে হবে।
বক্তারা বলেন, এই ‘স্মার্ট পদ্ধতি’ অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পাবলিক সার্ভিস কমিশন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয় সমন্বিতভাবে উদ্যোগ নিলে এটি বাস্তবায়ন সম্ভব।
সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস রোধে আমাদের উদ্যোগ সমন্বিত হতে হবে, তাহলেই সফলতা আসবে।’
বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা ইকরাম বলেন, পাবলিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হয়, তাই এ ক্ষেত্রে কোনো ভুল-ত্রুটি হলে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীকে সারা জীবন দুর্ভোগ পোহাতে হয়।
শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, বর্তমানে ডিজিটাল পদ্ধতির কোনো বিকল্প নেই। তবে এ ক্ষেত্রে এটি ব্যবহারকারীদের জন্য সহজতর করতে হবে।
এ সময় শিক্ষাবিদ অধ্যাপক কায়কোবাদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর, ব্যানবেইসের পরিচালক মো. ফসিউল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।