কাঠের গুঁড়া, হলুদ আর চুন দিয়ে নকল প্রসাধনী !
সয়াবিন তেল, পাম ওয়েল, ময়দা, কাঠের গুঁড়া, হলুদ ও চুন দিয়ে ভেজাল প্রসাধন তৈরি করে আসছিল সাদিয়া হারবাল নামের একটি প্রতিষ্ঠান। আজ সোমবার ঢাকার কামরাঙ্গীরচরের ওই প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ভেজাল প্রসাধন সামগ্রী ও এসব তৈরির উপকরণ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বেলা ১১টার থেকে দুইটা পর্যন্ত কামরাঙ্গীরচরের পশ্চিম নবীনগরের খোলামোড় এলাকায় সাদিয়া হারবালের কারখানায় যৌথভাবে অভিযান চালিয়ে এ সব পণ্য জব্দ করেন ঢাকা জেলা প্রশাসন ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫ (এপিবিএন) এর ভ্রাম্যমাণ আদালত। ভেজাল প্রসাধন তৈরির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আবির হোসেনকে তিন লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করার আদেশ দেন ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সাদিয়া হারবালের প্রসাধনে সয়াবিন তেল, পাম অয়েল, ময়দা, কাঠের গুঁড়া, হলুদ, চুন মেশানো হতো। এসব উপকরণ মিশিয়ে নকল ফেস ওয়াশ, অলিভ ওয়েল, হারবাল ওয়েল, হেয়ার স্প্রে, হারবাল ম্যাসেজ, হেয়ার রিমুভার, স্ক্র্যাব ও তেল তৈরি করে বাজারে বিক্রি করা হতো। বেশি মুনাফার জন্য ইংল্যান্ড, ভারত ও বাংলাদেশের কোম্পানির নাম পণ্যের মোড়কে ব্যবহার করত তারা।
এএসপি হাফিজুর রহমান আরও বলেন, কামরাঙ্গীরচরে নিজস্ব দোতলা কারখানায় দীর্ঘদিন ধরে নকল প্রসাধন তৈরি করে আসছিল সাদিয়া হারবাল। গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ১৫ দিন ধরে কারখানাটির ওপর নজরদারি করা হয়।
অভিযানে উপস্থিত পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের কর্মকর্তা খোরশেদ আলম বলেন, সয়াবিন তেল, পাম ওয়েল, ময়দা, কাঠের গুঁড়া, হলুদ, চুন দিয়ে তৈরি প্রসাধন ব্যবহার করা হলে ক্যানসার, চর্ম রোগ হতে পারে।
এদিকে গতকাল দুপুরে পুরান ঢাকার নবাবপুর এলাকায় চারটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদ্যুতের নকল তার, পানির পাম্প ও এনার্জি বাতি জব্দ করেন র্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, নবাবপুরের কুমিল্লা মেশিনারি স্টোর থেকে ৪০টি ও সাথী এন্টারপ্রাইজ থেকে ২৪টি নকল পানির পাম্প মেশিন জব্দ করা হয়। এ ছাড়া মাস্টার ইলেকট্রনিকস নামে একটি দোকান থেকে চার হাজার টি নকল এনার্জি বাতি ও নাদিম এন্টারপ্রাইজ থেকে ৫১২ কয়েল নকল তার জব্দ করা হয়।
কুমিল্লা মেশিনারি স্টোরের মালিক জামাল উদ্দিন, সাথী এন্টারপ্রাইজের মালিক মো. বাবুল, মাস্টার ইলেকট্রনিকসের মালিক মোশাররফ হোসেনকে দুই লাখ টাকা করে এবং নাদিম এন্টারপ্রাইজের মালিক নাদিম হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।