প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যু হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় তাঁর মৃত্যু হয়েছে।
নিহত রোগীর স্বজনেরা বলেন, অস্ত্রোপচারের (সিজার) জন্য কালিয়াকৈর উপজেলার বলিয়াদি গাংপাড়া এলাকার আবদুল কদ্দুসের অন্তঃসত্ত্বা স্ত্রী হেনা বেগমকে (৩৫) গত রোববার কালিয়াকৈর সেন্ট্রাল হসপিটালে ভর্তি করা হয়। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে তাঁর অস্ত্রোপচার করেন হাসপাতালের চিকিৎসক আতিকুর রহমান ওরফে নোমান। অস্ত্রোপচারের পর তাঁর রক্তক্ষরণ শুরু হয়। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় একপর্যায়ে হেনা বেগমের অবস্থার অবনতি হয়। এতে রোগীর স্বজনেরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁকে আইসিইউতে রাখা হয়। গতকাল মঙ্গলবার ভোর ছয়টার দিকে তিনি মারা যান। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু খবরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষের বিচার দাবি করেন। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ওই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের (রোগীর) স্বজনদের টাকা দেওয়ার প্রস্তাবও দিয়েছে।
হেনা বেগমের চাচি ফিরোজা বেগম বলেন, সিজারের পর থেকেই হেনার অবস্থা ভালো ছিল না। তাঁর অতিরিক্ত রক্তক্ষরণের বিষয়টি ডাক্তার-নার্সদের জানালেও তাঁরা কর্ণপাত করেননি। রোগীর অবস্থা নিয়ন্ত্রণের বাইরে গেলেও তাঁকে হাসপাতাল থেকে ছাড়তে চায়নি কর্তৃপক্ষ।
অভিযুক্ত চিকিৎসক আতিকুর রহমান বলেন, ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর খবরটি সঠিক নয়।
ওই হাসপাতালে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে হাসপাতালের হিসাবরক্ষক ফরিদ আলম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের কী করার আছে? অস্ত্রোপচার করেছেন চিকিৎসক, তিনিই ভালো বলতে পারবেন রোগী কীভাবে মারা গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক বলেন, সিজারের ক্ষেত্রে সাধারণত এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে রোগীকে উন্নত চিকিৎসা দেওয়া গেলে মৃত্যু এড়ানো সম্ভব হলেও হতে পারত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খায়রুজ্জামান জানান, ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।