প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে গত বুধবার এক প্রসূতির মৃত্যু হয়েছে। অনভিজ্ঞ চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার করায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই প্রসূতির নাম আইরিন আক্তার (২৬)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সোহাগ মিয়ার স্ত্রী এবং সাটুরিয়া উপজেলা সদরের সাটুরিয়া এলাকার নূরুল আমিনের মেয়ে।
আইরিনের পরিবার সূত্রে জানা গেছে, অন্তঃসত্ত্বা আইরিন ঈদের আগে সাটুরিয়া এলাকায় বাবার বাড়িতে আসেন। মঙ্গলবার বিকেলে প্রসবব্যথা উঠলে দালালের মাধ্যমে আইরিনকে সাটুরিয়া ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম নামে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। পরদিন বুধবার সন্ধ্যায় অবেদনবিদের সহায়তা ছাড়াই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ডক্টরস ক্লিনিকের মালিক খায়রুল আলম আইরিনের অস্ত্রোপচার করেন। এ সময় আইরিনের জরায়ু কেটে ফেলেন তিনি। এতে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। অবস্থা বেগতিক দেখে আইরিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে নবজাতক (কন্যা) জীবিত আছে।
আইরিনের স্বামী সোহাগ মিয়া বলেন, ‘ক্লিনিকে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, আমার স্ত্রীর গর্ভে সন্তানের অবস্থান অস্বাভাবিক। এরপরও ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসক অর্থের লোভে অস্ত্রোপচার করে আমার স্ত্রীর জরায়ু কেটে ফেলেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে স্ত্রী মারা যায়।’ তিনি অভিযোগ করেন, মারা যাওয়ার পর নিজেদের দায় এড়াতে আইরিনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা বলা হয়৷
সাটুরিয়া ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম হাসপাতালের মালিক ছয়জন। তাঁদের একজন আবু বকর সিদ্দিক। তিনি বলেন, মাঝেমধ্যেই খায়রুল আলম তাঁদের হাসপাতালে বিভিন্ন রোগীর শরীরে অস্ত্রোপচার করে থাকেন। অস্ত্রোপচারের রোগী এলে তাঁকে খবর দিয়ে (মুঠোফোনে কল করে) আনা হয়। তিনি নিজেই আইরিনকে অচেতন করে অস্ত্রোপচার করেন। তিনি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের পর অসুস্থ হয়ে পড়লে আইরিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জরায়ু কাটা হয়নি।
স্থানীয় লোকজন বলছেন, খায়রুল আলম সাধারণ এমবিবিএস পাস। তাঁর অস্ত্রোপচার ও অচেতন করার বিষয়ে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই।
অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে খায়রুল আলমের মুঠোফোনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একাধিকবার কল করা হলেও তিনি কেটে দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল কবির বলেন, ‘ওই ক্লিনিকে অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।’
সিভিল সার্জন মো. খুরশীদ আলম বলেন, ওই ক্লিনিক নিয়মমাফিক চলছে কি না, সংশ্লিষ্ট চিকিৎসকের কোনো গাফিলতি বা দায়িত্বে ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখা হবে।