প্রসূতির মৃত্যুর পর অস্ত্রোপচার কক্ষ থেকে পালান চিকিৎসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারের একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎ​সকের অবহেলা ও ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। প্রসূতির মৃত্যুর পর অস্ত্রোপচার কক্ষ থেকে বেরিয়ে গা ঢাকা দিয়েছেন চিকিৎ​সক। সোমবার পৌরসভার গেন্ডা এলাকার মনামী স্বাস্থ্যকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঘটনার পর মৃত প্রসূতির স্বজনেরা হাসপাতাল ভাঙচুর করেছেন। এ সময় তাঁরা লাশ নিতে পুলিশকে বাধা দেন। পরে লাঠিপেটা করে পুলিশ লাশ নিয়ে যায়।

মৃত প্রসূতির নাম নয়নতারা (২০)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার নয়ানদী ফকিরা গ্রামের আতোয়ার রহমানের স্ত্রী। নয়নতারা সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁর স্বামীও ওই কারখানার শ্রমিক। ঘটনা তদন্তে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ জয়নব আক্তারকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সাভার মডেল থানার পুলিশ ও নয়নতারার পারিবারিক সূত্রে জানা গেছে, প্রসববেদনা ওঠার পর নয়নতারাকে রাশেদা বেগম নামের এক দালাল বেলা দেড়টার দিকে মনামী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সাড়ে তিনটার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক বের করা হয়। এর ঘণ্টাখানেক পর চিকিৎসকেরা অস্ত্রোপচার কক্ষ থেকে বের হয়ে গা ঢাকা দেন। এর পরপরই নয়নতারার স্বজনেরা ওই কক্ষে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। তবে নবজাতক সুস্থ রয়েছে।

আতোয়ার রহমান অভিযোগ করেন, চিকিৎ​সকের অবহেলা ও ভুল চিকিৎসায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তিনি আইনের আশ্রয় নেবেন।

নয়নতারার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর স্বামী ও তাঁর সহকর্মীরা (ঢাকা সোয়েটারের শ্রমিক) হাসপাতালে ছুটে যান। এ সময় ওই হাসপাতালের সেবিকা ও আয়াসহ মালিকপক্ষের সবাই কৌশলে পালিয়ে যান। হাসপাতালে কাউকে না পেয়ে উত্তেজিত জনতা ওই হাসপাতালের ফার্মেসিতে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার পর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্বজনসহ জনতার বাধার মুখে পুলিশ প্রথমে লাশ নিতে ব্যর্থ হয়। পরে লাঠিপেটা করে পুলিশ লাশ থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, নয়নতারাকে অস্ত্রোপচার করেছেন শামসুন্নাহার নামে এক চিকিৎসক। অস্ত্রোপচারের আগে তাঁকে অচেতন করেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবেদনবিদ নাজমুল হুদা। জানতে চাইলে নাজমুল হুদা বিষয়টি স্বীকার করে বলেন, শামসুন্নাহারই নয়নতারার অস্ত্রোপচার করেছেন।

ঘটনার পর মনামী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ওই স্বাস্থ্যকেন্দ্রের সাইনবোর্ডে দেখা যায়, ‘ডা. শামসুন্নাহার, সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি)’। মুঠোফোন বন্ধ থাকায় শামসুন্নাহারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

জানতে চাইলে এনাম মেডিকেলের পরিচালক আনোয়ারুল কাদির বলেন, শামসুন্নাহার নামে তাঁদের কোনো চিকিৎসক বা সহকারী রেজিস্ট্রার নেই।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক বলেন, অস্ত্রোপচারের সময় শামসুন্নাহার প্রসূতি নয়নতারার একটি রগ কেটে ফেলেন। এ কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আরও তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শামসুন্নাহার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাস করার পর ‘ভুয়া পরিচয়ে’ ওই স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।

যোগাযোগ করা হলে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন বলেন, নয়নতারার লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।