প্রহরীকে বেঁধে ৩৫০ বস্তা চাল লুট
গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় ভাই ভাই রাইস স্টোর থেকে তালা ভেঙে ৩৫০ বস্তা চাল লুট করেছে একদল দুর্বৃত্ত। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
দোকান মালিক ইদ্রিস আলী জানান, মঙ্গলবার বোর্ডবাজারের কালিগাছতলা এলাকায় আলী আকবর সুপার মার্কেটে তার দোকানের বেচাকেনা শেষে রাত দেড়টার দিকে তিনি বাড়ি চলে যান। পরে ১৫-১৬ জন দুর্বৃত্ত মার্কেটে ঢোকে। এ সময় মার্কেটে থাকা নৈশপ্রহরী মাসুদ মিয়া তাদের দেখে সামনে এগিয়ে পরিচয় জানতে চান। এতে তারা ক্ষিপ্ত হয়ে মাসুদকে মারধর করে এবং হাত-পা বেঁধে মুখে স্কচটেপ আটকিয়ে মাকের্টের পেছনে ফেলে রাখে। এরপর তারা ভাই ভাই রাইস স্টোরের তালা ভেঙে ৫০ কেজি ওজনের ৩৫০ বস্তা চাল ট্রাকে করে নিয়ে যায়। পরে ভোরে স্থানীয় কাঁচামালের ব্যবসায়ী মো. সুবল হাত-পা বাঁধা অবস্থায় মাসুদকে পড়ে থাকতে দেখে তাকে মুক্ত করেন ও মার্কেটের মালিকদের জানান।
ওই চালের আনুমানিক মূল্য ৭ লাখ ৭৫ হাজার টাকা বলে জানান তিনি।