প্রাইভেট কারের পর আরোহীর লাশ উদ্ধার
মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে ধলেশ্বরীতে পড়ে নিখোঁজ প্রাইভেট কারের আরোহী জালালউদ্দিনের লাশ গতকাল রোববার দুপুরে উদ্ধার করেছেন স্বজনেরা। মুন্সিগঞ্জ লঞ্চঘাটের কাছে মোল্লারচর এলাকায় ভেসে উঠলে লাশটি স্বজনদের চোখে পড়ে।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠান শেষে জালালউদ্দিন (২২) ও তাঁর বন্ধুরা মুক্তারপুর সেতুতে ঘুরতে যান। পরে জালালউদ্দিন টোল প্লাজার সামনে চালক ও বন্ধুদের নামিয়ে নিজেই গাড়ি চালিয়ে সেতুর ওপর ওঠেন। চালানোর একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে গাড়িসহ ধলেশ্বরীতে পড়ে যান তিনি। পরদিন শনিবার ডুবুরি দল ও এলাকাবাসীর প্রচেষ্টায় গাড়িটি নদী থেকে টেনে তুললেও তিনি নিখোঁজ ছিলেন। এরপর থেকে স্বজনেরা ট্রলার নিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। গতকাল বেলা আড়াইটার দিকে মুন্সিগঞ্জের লঞ্চঘাটের কাছে মোল্লারচর এলাকায় তাঁর লাশ ভেসে ওঠে।