প্রাইভেট না পড়ায় বই কেড়ে নেওয়ার অভিযোগ
বিদ্যালয়ের শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়ায় পাঠ্যবই কেড়ে নেওয়ার অভিযোগে শিক্ষকদের বিরুদ্ধে নওগাঁর মান্দার মৈনব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। গতকাল মঙ্গলবার ‘সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মানববন্ধন চলাকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সেখানে যান। এ সময় তাঁরা ওই বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে শিক্ষার্থী ও অভিভাবকেরা আন্দোলন থেকে সরে আসেন।
শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিযোগ করেন, ওই বিদ্যালয়ের শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়ার অভিযোগে গত সোমবার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৪০ জন শিক্ষার্থীর কাছ থেকে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সরকারি পাঠ্যবই কেড়ে নেন। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে অভিভাবকেরা সংশ্লিষ্ট বিদ্যালয়ের সব শিক্ষকের বদলির দাবি জানান।
বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাফিয়া, সাদিয়া ও আরিফুল জানায়, গত সোমবার প্রধান শিক্ষক ক্লাসে প্রবেশ করে কারা কারা বিদ্যালয়ের শিক্ষকদের কাছে প্রাইভেট পড়ে না তাদের দাঁড়াতে বলেন। এ সময় ৪০ জন শিক্ষার্থী দাঁড়ালে তাদের কাছ থেকে বই কেড়ে নেন প্রধান শিক্ষক।
সাইফুল ইসলাম, সাইদুর রহমান, আতাব আলী, জাহিদ হাসানসহ ১০ থেকে ১২ জন অভিভাবক শিক্ষার্থীদের নিজ বিদ্যালয়ের শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়ায় পাঠ্যবই কেড়ে নেওয়া, শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে বিদ্যালয়ের বিদ্যুৎ বিল আদায়, কোচিং না করলে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ করেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক আনজুয়ারা খাতুনের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। অন্য শিক্ষকেরাও কোনো মন্তব্য করতে রাজি হননি। এই বিদ্যালয়ে আড়াই শতাধিক শিক্ষার্থী এবং ১১ জন শিক্ষক রয়েছেন।
ইউএনও সাইফুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মণ্ডল বলেন, ‘মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে বিষয়টি শুনেছি। ঘটনা সত্যি হলে এটা খুবই দুঃখজনক। শিক্ষকদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’