প্রাইভেট না পড়ায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের বাউরা পুনমচাঁদ ভুতোরিয়া কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে তাঁর কাছে প্রাইভেট না পড়ায় আবদুল্লাহ ইবনে মামুন নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। ওই কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ফরিদুল ইসলামের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে। কলেজ চলার সময় গত বুধবার ওই ঘটনা ঘটে।
গুরুতর আহত আবদুল্লাহকে গত বুধবার প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গতকাল শনিবার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আবদুল্লাহর বাড়ি হাতীবান্ধা উপজেলার সানিয়ারজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবদুল্লাহ গত শুক্রবার বলে, ‘প্রভাষক ফরিদুলের কাছে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সিংহভাগ শিক্ষার্থী প্রাইভেট পড়ে। আমাকেও প্রাইভেট পড়তে চাপ দেন ফরিদুল। কিন্তু আর্থিক সংগতি না থাকায় আমি ফরিদুলের কাছে প্রাইভেট পড়িনি। কয়েক দিন থেকে আমার শরীরে জ্বর। দুদিন কলেজেও যাইনি। আমি গত বুধবার জ্বর নিয়েই কলেজের বিশেষ কোচিং-এ অংশ নিতে যাই। কিন্তু দুটি ক্লাস করায় আমার শীত লাগে। এ কারণে শ্রেণিকক্ষের বাইরে কলেজে মাঠেই রোদের মধ্যে গিয়ে দাঁড়াই। এ সময় প্রভাষক ফরিদুল শ্রেণিকক্ষে যান। শ্রেণিকক্ষে আমাকে না পেয়ে পিয়ন শান্তকে দিয়ে মাঠ থেকে ডেকে এনে শ্রেণিকক্ষে প্রথমে আমার মাথার চুল ধরে সজোরে ঘুষি মারেন। এতে আমি মাটিতে লুটিয়ে পড়ি। পরে আমাকে চুল ধরে মাটি থেকে তুলে উপর্যুপরি চড়-থাপ্পড় ও কিলঘুষি দেন ফরিদুল। একপর্যায়ে আমার ডান কান ও নাক দিয়ে রক্ত বের হতে থাকে। এ অবস্থায় অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এসে আমাকে উদ্ধার করেন। খবর পেয়ে নানা হরমুজ আলী এসে প্রথমে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিন দিন চিকিৎসার পর আমাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
আবদুল্লাহ অভিযোগ করে বলে, ‘টেস্ট পরীক্ষায় অন্য সব বিষয়ে পাস করলেও প্রাইভেট না পড়ায় ফরিদুল স্যার তাঁর বিষয়ে আমাকে ফেল করিয়ে দেন। এ কারণে আমার পরীক্ষার ফরম পূরণ আটকে যায়। পরে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার মাধ্যমে আমি পরীক্ষার ফরম পূরণ করি।’
আবদুল্লাহর মা আসমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা গরিব মানুষ। তিন বেলা ঠিকমতো ভাত জোগাতে পারি না। সেখানে অসুস্থ ছেলের চিকিৎসার খরচ পাব কোথায়? আমি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক ফরিদুলের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি।
ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন, ‘ছেলেটিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। ফরিদুল সাহেব ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়ান। কিন্তু ওই কারণে তিনি আবদুল্লাহকে পিটিয়েছেন কি না, তা আমার জানা নেই। ঘটনাটি নিয়ে কলেজের তিন শিক্ষকের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’