প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
মানিকগঞ্জ পৌর এলাকায় প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ওই ছাত্রীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
এদিকে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা নিয়ে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ করেছেন অভিভাবকেরা।
পুলিশ, ছাত্রীর পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকায় স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে ওই ছাত্রী। একই এলাকার শিপন মিয়া (২২) ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। বুধবার সকাল আটটার দিকে ওই ছাত্রীর বাড়িতে প্রাইভেট পড়াতে যান শিপন। এ সময় ওই ছাত্রীর বাবা পেশাগত কাজে অন্যত্র ছিলেন এবং মা বাড়ির পাশে ছিলেন। সাড়ে আটটার দিকে ঘরের ভেতর ছাত্রীকে ধর্ষণ করেন শিপন। একপর্যায়ে ওই ছাত্রীর চিৎকারে তার মা ঘরের ভেতর গেলে শিপন দৌড়ে পালিয়ে যান। এরপর শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির মা জানান, বুধবার সকাল নয়টার দিকে তাঁর মেয়েকে শিশু ও গাইনি বিভাগের ২১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এ সময় গাইনি বিভাগের চিকিৎসক হাজেরা শিরিন হক ওই ওয়ার্ডের দায়িত্বে ছিলেন।
শিশুটির মা অভিযোগ করেন, ধর্ষণের ঘটনায় যত দ্রুত সম্ভব ডাক্তারি পরীক্ষা করা প্রয়োজন। তবে ওই দিন (বুধবার) মেয়ের ডাক্তারি পরীক্ষা হয়নি।
এ ব্যাপারে চিকিৎসক হাজেরা শিরিন হকের সঙ্গে কথা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি আবাসিক মেডিকেল কর্মকর্তার (আরএমও) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
আরএমও আবদুল মালেক খান বলেন, কর্তব্যরত চিকিৎসকের দায়িত্বে কোনো অবহেলা থাকলে কেউ লিখিত অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি জানান, গতকাল শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। তবে প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত ধর্ষণের বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।
অভিযোগের বিষয়ে শিপনের মুঠোফোনে গতকাল একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
মামলার তদন্ত কর্মকর্তা এবং সদর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, ধর্ষণের অভিযোগে ওই শিক্ষককে আসামি করে শিশুটির মা থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।