প্রাইভেট কার তল্লাশিতে মিলল ১৯০০ বোতল ফেনসিডিল
রাজধানীর গাবতলীতে ট্রাফিক পুলিশ এবং দারুস সালাম থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দারুস সালামের ট্রাফিকের সহকারী কমিশনার খাইরুল আলম প্রথম আলোকে বলেন, একটি প্রাইভেট কারে করে দুই যুবক শাহবাগ থেকে গাবতলীর দিকে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ওই প্রাইভেট কারটিকে গাবতলীর খালেদ বাস কাউন্টারের সামনে থামানো হয় এবং তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে থাকা ফেনসিডিল জব্দ করা হয়। চালক আগেই পালিয়ে যান। তবে শফিকুল ইসলামকে আটক করা হয়। প্রাইভেট কার, ফেনসিডিল ও শফিকুলকে দারুস সালাম থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের দারুস সালাম জোনের সহকারী কমিশনার সৈয়দ মোস্তফা মামুন বলেন, ধারণা করা হচ্ছে, শফিকুল নিয়মিত ফেনসিডিলের চালান সীমান্ত এলাকা থেকে ঢাকায় নিয়ে আসেন। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। শফিকুলের বিরুদ্ধে মামলা করা হবে।