প্রাইম ও সোনালী ব্যাংকের ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের দায়ে সোনালী ব্যাংকের দুই ও প্রাইম ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর মতিঝিল থানায় এ মামলা করেন দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ।

অভিযুক্ত সাতজন হলেন প্রাইম ব্যাংকের মতিঝিল শাখার সেলস এক্সিকিউটিভ অফিসার মির্জা কামরুল হাসান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. ফেরদৌস আজাদ দিপু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মহিউদ্দিন আহমেদ, এক্সিকিউটিভ অফিসার এইচ এম কামরুজ্জামান সুমন ও সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. জাফর হাসান এবং সোনালী ব্যাংকের লোকাল শাখার সিনিয়র অফিসার আনিসুর রহমান সরকার ও অফিসার লিয়াকত আলী চৌধুরী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, এ সাতজন পরস্পর যোগসাজশে ভুয়া হিসাব খুলে চেক জালিয়াতির মাধ্যমে এক কোটি টাকা আত্মসাত্ করেছেন। মামলার এজাহারে আরও বলা হয়েছে, বেলহাসা একম অ্যান্ড অ্যাসোসিয়েটসের নামে একটি ভুয়া চেক ইস্যু করেন সোনালী ব্যাংকের কর্মকর্তারা। এই চেকটি তাঁরা প্রাইম ব্যাংকের মতিঝিল শাখায় পাঠান। অন্যদিকে প্রাইম ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা মতিঝিল শাখায় জনৈক কামাল হোসেন নামে একজন ভুয়া ও অস্তিত্বহীন লোকের হিসাব খুলে ওই চেকটি এ হিসাবে জমা করেন। পরবর্তীতে এই অর্থ উত্তোলন করে সাত কর্মকর্তা ভাগাভাগি করে নেন।