প্রাচীর দিয়ে সাংবাদিকের পরিবারকে অবরুদ্ধ
নাটোরের দত্তপাড়া বিসিক শিল্প এলাকায় জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে প্রাচীর তুলে এক সাংবাদিক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, সদর উপজেলার দত্তপাড়া বিসিক শিল্পনগরীর সবুজ বেষ্টনি (গ্রিন জোন) রক্ষায় বিসিক কর্তৃপক্ষ প্রাচীর নির্মাণ শুরু করে। এতে বিসিকের পাশে বসবাস করা যমুনা টেলিভিশনের নাটোর প্রতিনিধি নাজমুল হাসানের পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে।
নাজমুল বলেন, ‘বিসিক কর্তৃপক্ষ আমাদের বাড়ির সামনে রাস্তা না দিয়ে প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়। এই অবস্থায় আমরা বাড়ি থেকে বের হওয়ার মতো একটা রাস্তা রেখে প্রাচীর নির্মাণের আবেদন করি।’ জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিসিক কর্তৃপক্ষকে বাড়ি থেকে বের হতে তিন ফুট রাস্তা দেওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশের পর বিসিক কর্তৃপক্ষ বাড়ির সামনে কয়েক ফুট রাস্তা বাকি রেখে প্রাচীর নির্মাণ শেষ করে। পরে বিসিক কর্তৃপক্ষ বাড়ির সামনের ফাঁকা জায়গাটুকুতে প্রাচীর নির্মাণ করার পাঁয়তারা চালাতে থাকলে গত বুধবার তিনি (নাজমুল) ও তাঁর মা হাফিজা বেগম সহকারী জজ আদালতে মামলা করেন। আদালত পাঁচ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বিসিক কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এই নির্দেশ গত বৃহস্পতিবার বিসিক কর্তৃপক্ষ বরাবর পৌঁছানো হয়। কিন্তু গতকাল শনিবার ছুটির দিনেও প্রাচীর নির্মাণ চলে। এতে তাঁরা অবরুদ্ধ হয়ে পড়েন।
জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী আমজাদ হোসেন বলেন, বিসিক কর্তৃপক্ষ আদালতের নির্দেশনা অমান্য করে প্রাচীর নির্মাণ করেছে। এটা আদালতের প্রতি অবজ্ঞার শামিল।
জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, ‘গতকাল দুপুরে জানতে পারলাম বিসিক কর্তৃপক্ষ যাতায়াতের রাস্তা না রেখেই প্রাচীর নির্মাণ সম্পন্ন করেছে। বিষয়টি দুঃখজনক।’
নাটোর বিসিকের স্টেট অফিসার (ভুমি) দিলরুবা দিপ্তি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রাচীর নির্মাণ করা হয়েছে। তাঁদের কিছুই করার নেই।