প্রাডো গাড়িতে তল্লাশি, পাওয়া গেল ২০ হাজার ইয়াবা বড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটি টাকা দামের টয়োটা প্রাডো গাড়িতে করে ইয়াবা বড়ি পাচারের সময় ধরা পড়েছে একটি চালান। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকা থেকে গাড়িটি জব্দ করে পুলিশ। গাড়িতে ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় গাড়িচালক মো. মোশারফকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামের লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলাইমান পাটোয়ারী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার চুনতি খান দীঘি এলাকায় মহাসড়কে প্রাডো গাড়িটিতে তল্লাশি চালানো হয়। গাড়ির পেছনের অংশে ইয়াবা বড়ি পাওয়া যায়। গ্রেপ্তার হওয়া মোশাররফের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়।
ইয়াবা উদ্ধারের ঘটনায় গাড়িটি জব্দ করার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান।
এদিকে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক বলেছেন, গাড়ির মালিক ঢাকার ধানমন্ডির বাসিন্দা। তিনি চিকিৎসক। নাম রবিউল ইসলাম। ঢাকায় থাকলেও তাঁর কর্মস্থল ময়মনসিংহে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি আরও বলেন, চালক পুলিশকে বলেছেন, ওই চিকিৎসক গতকাল কক্সবাজার থেকে উড়োজাহাজে করে ঢাকায় যান। গাড়ি নিয়ে চালক মোশাররফ একাই ঢাকায় যাচ্ছিলেন।
মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, ২০ হাজার বড়ি সম্পর্কে কিছু জানেন না বলে মোশাররফ পুলিশের কাছে দাবি করেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি।