প্রাডো গাড়িতে বনের বাঘ সিংহ
বনের রাজা বাঘ না সিংহ এ নিয়ে বিস্তর বিতর্ক হতে পারে। কিন্তু তারা যে প্রাডো গাড়িতে চড়ে ঘুরে বেড়ায় না, এ নিয়ে অন্তত কারও কোনো দ্বিমত নেই। অবশ্য গতকাল সোমবার যশোরে এক জোড়া চিতাবাঘ ও এক জোড়া সিংহ শাবককে একটি প্রাডো গাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। তিন মাসের কম বয়সী শাবকগুলো রাজধানীর উত্তরা থেকে যশোর নিয়ে যাওয়া হয় বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
দেশের কোনো চিড়িয়াখানা ও সাফারি পার্কে সাম্প্রতিক সময়ে কোনো চিতা বাঘ ও সিংহ বাচ্চা দেয়নি বলে নিশ্চিত করেছে বন বিভাগ। আর বাংলাদেশে সিংহ নেই, চিতাবাঘও বিলুপ্ত হয়ে গেছে। এ অবস্থায় যশোর জেলা পুলিশ ও বন বিভাগ ধারণা করছে, ওই চারটি বন্য প্রাণীকে অন্য কোনো দেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

বন্য প্রাণী বিশেষজ্ঞ রেজা খান প্রথম আলোকে বলেন, একসময় দেশে অনেক চিতাবাঘ ছিল। এখন তা বিলুপ্ত হয়ে গেছে। আর সিংহ কখনো ছিল কি না, তা জানা যায়নি। এই দুটি বন্য প্রাণী বিশ্বজুড়ে বিপদে আছে। বাংলাদেশের ভেতরে এগুলো ধরা পড়ার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত। কেননা, এ ধরনের বন্য প্রাণী পাচারের আন্তর্জাতিক পথ হিসেবে বাংলাদেশ ব্যবহৃত হলে তা অবশ্যই বন্ধ করার উদ্যোগ নিতে হবে।
গতকাল দুপুরে যশোর শহরের চাঁচড়া এলাকা থেকে জিপ গাড়িসহ বাচ্চাগুলো উদ্ধার করা হয়। এ সময় ওই গাড়ির ভেতরে থাকা কামরুজ্জামান বাবু (৩১) ও রানা মিয়া (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঘ ও সিংহ শাবকগুলো গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে আসা হয়েছে।
বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক জাহিদুল কবীর বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি চিতা বাঘ ও সিংহ শাবকগুলোকে অন্য কোনো দেশ থেকে এনে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে পাচার করা হচ্ছিল। এই পাচারকারী চক্রের সঙ্গে আরও কারা আছে, তা পুলিশের পাশাপাশি আমরাও খতিয়ে দেখছি।’ পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় সিংহ ও চিতা বাঘের বাচ্চা ধরা পড়ার ঘটনা এবারই দেশে প্রথম।
গতকাল যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বেলা একটার দিকে পুলিশ লাইনসে সাংবাদিকদের ওই উদ্ধার অভিযান সম্পর্কে জানান। তিনি বলেন, ঢাকার উত্তরা থেকে ওই প্রাণীগুলো যশোরের শার্শা সীমান্তের দিকে নেওয়া হচ্ছিল। সেখানে একজন পাচারকারীর কাছে ওই বাচ্চাগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল। কালো রঙের গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৩-২৭৯০।
বিআরটিএ যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, গাড়িটির মালিক ঢাকার বনানীর মেসার্স স্টার গোল্ড ইন্টারন্যাশনালের মালিক মো. খাজা মঈনুদ্দিন। প্রতিষ্ঠানটি বনানীর কাকলি এলাকার নিউ এয়ারপোর্ট সড়কের ৯২/২ নম্বর বাড়ির হাজি টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত।
গাড়ির কাগজপত্রে দুটি মুঠোফোন নম্বর দেওয়া রয়েছে। ওই নম্বর দুটিতে ফোন করলে প্রথমে একজন নারী বলেন, ‘প্রাডো মডেলের আমাদের কোনো গাড়ি নেই। আপনার নম্বর তুলতে হয়তো ভুল হয়েছে।’ দ্বিতীয় নম্বরটিতে ফোন দিলে পুরুষ কণ্ঠের এক ব্যক্তি ফোন ধরে একই কথা বলেন।