প্রাণ গেল আরও দুজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ হলেও নির্বাচনকেন্দ্রিক সহিংসতা চলছেই। সহিংসতায় আরও দুজন প্রাণ হারিয়েছেন। এঁদের মধ্যে বাগেরহাটে গতকাল বোরবার প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন হাফিজুল সরদার (২৬)। আর শেরপুরে গত শনিবার সন্ধ্যায় সংঘর্ষে আহত বুরুজ আলী (৪৫) ওই রাতে মারা গেছেন।
এদিকে জয়পুরহাটে নবনির্বাচিত এক চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে ও গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় এক পথচারীও গুলিবিদ্ধ হন। এ ছাড়া আরও কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে।
গত ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সহিংসতায় এ নিয়ে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১১০-এ।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: জেলার ফকিরহাটে ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে গতকাল বিকেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাফিজুল সরদার (২৬) নামে এক যুবককে খুন ও দুজনকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। উপজেলার ডহর-মৌভোগ ইউনিয়নের ব্রক্ষ্মডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। হাফিজুল নলধা গ্রামের আতিয়ার সরদারের ছেলে। আহত দুজন হলেন আড়ুয়াডাঙ্গা গ্রামের খান খলিলুর রহমান (৫৭) ও তাঁর ছেলে ইমরান খান (১৭)। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনই ডহর-মৌভোগ ইউপিতে গত ২২ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজাহার আলী মোড়লের সমর্থক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলেছে, হাফিজুল ও ইমরান ব্রক্ষ্মডাঙ্গা গ্রাম দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁদের ওপর অতর্কিত হামলা চালান আওয়ামী লীগের প্রার্থী কাজী মহসিনের ৩০-৩৫ জন সমর্থক। দুজনকে কুপিয়ে আহত করে হামলাকারীরা আড়ুয়াডাঙ্গা গ্রামে গিয়ে ইমরানসহ তিনজনের বাড়িতে ভাঙচুর করে। এ সময় সামনে পেয়ে ইমরানের বাবা খলিলকে কুপিয়ে মারাত্মক জখম করে তারা। হাফিজুল, ইমরান ও খলিলুরকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, নিহত হাফিজুলের সঙ্গে হামলাকারীদের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
শেরপুর: জেলার শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নে জয়ী ও পরাজিত সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন-পরবর্তী সহিংসতায় শনিবার সন্ধ্যায় আহত হন বুরুজ আলী (৪৫)। শনিবার রাত ১১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেরপুর সদর হাসপাতালে মারা যান। তাঁর বাড়ি ভেলুয়া ইউনিয়নে। পুলিশ বলেছে, লাশের সুরতহাল প্রতিবেদনে মাথা ও হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জয়পুরহাট: সদর উপজেলার ভাদসা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদকে (৫০) শনিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা কুপিয়ে এবং গুলি করে গুরুতর আহত করে। তাঁকে রক্ষা করতে যাওয়া এক পথচারীকেও দুর্বৃত্তরা গুলি করে। গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আবুল কালাম আজাদ আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রাথী হিসেবে নির্বাচন করে জয়ী হন।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ রানা শনিবার রাতে বলেন, ওই দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আজাদের ছোট ভাই এনামুল হক বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।
চট্টগ্রাম: জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী খান মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরীর ওপর হামলার জের ধরে গতকাল সকালে তাঁর সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর এওচিয়া খান মোহাম্মদ বাড়ি এলাকায় এ সংঘর্ষ হয়।
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকায় গতকাল বেলা ১১টায় দুই সদস্য প্রার্থীর কর্মীদের মধ্যে সহিংসতায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক (একাংশ) শোয়েবুল হক সিকদার গুরুতর আহত হন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রাঙামাটি: জেলার বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী ও ডাঙ্গাছড়া গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় সাতজন আহত হন। এর জের ধরে একজনকে অপহরণ ও নয়টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়া: জেলার আশুগঞ্জে নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত নয়টার দিকে ইউএনও কার্যালয়ে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন ও তাঁর সমর্থকেরা এ ঘটনা ঘটান বলে অভিযোগ রয়েছে।
কিশোরগঞ্জ: জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নে পুলিশের ওপর পরাজিত আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলার ঘটনায় মামলা হয়েছে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বলেন, জয়সিদ্দি ইউনিয়নের ওয়ারা বন্যা আশ্রয়কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুর রশিদ গতকাল অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন।
ময়মনসিংহ: গফরগাঁও উপজেলার সালটিয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় গতকাল মামলা হয়েছে। শনিবার ভোট গ্রহণ চলাকালে ওই দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এ সময় দৌড়াতে গিয়ে শাজাহান (৫২) মারা যান।
ফেনী: সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউপি নির্বাচনে বিজয়ী হয়ে প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে সহিংসতার শিকার হয়েছেন আবুল হোসেনসহ তিনজন। গতকাল ইউনিয়নের চর বদরপুর গ্রামে আবুল খায়ের মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।