প্রাণ গেল পেট্রলবোমায় দগ্ধ আরও একজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধের ৬৫ তম দিন আজ
অবরোধের ৬৫ তম দিন আজ

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধে পেট্রলবোমায় ঝরে গেল আরও একটি নিরীহ প্রাণ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার সকালে মারা গেছেন সিএনজিচালিত অটোরিকশার চালক সাবের আহমদ (২৮)। চট্টগ্রামের হাটহাজারীতে গত বুধবার রাতে পেট্রলবোমায় দগ্ধ হন তিনি।
বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের জয় উপলক্ষে ২০-দলীয় জোট গতকাল সকাল ছয়টা থেকে ১২ ঘণ্টার জন্য হরতাল কর্মসূচি শিথিল করে। যদিও টানা অবরোধ অব্যাহত রয়েছে। গত সোমবার রাতে চট্টগ্রামের পটিয়া ও কিশোরগঞ্জের হোসেনপুরে দুটি বাসে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি। রংপুরে গতকাল বোমা বানাতে গিয়ে যুবদলের এক নেতার হাতের তিনটি আঙুল উড়ে গেছে।
এদিকে গতকাল রাত নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পাঁচ জেলা থেকে ৯৭ জনকে আটক করা হয়েছে। পুলিশের তথ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩৪ জন নেতা-কর্মী-সমর্থক আছেন।
গতকাল ছিল লাগাতার অবরোধের ৬৪তম দিন। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এ অবরোধ। তবে এর দুই দিন আগেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১২০ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৭১৪টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬৪০টি।
রাজধানীর চিত্র: সচিবালয় ও পার্শ্ববর্তী এলাকায় গতকাল আবারও ককটেল বিস্ফোরণ ঘটেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।
সচিবালয়ের ৫ নম্বর ফটকে দায়িত্বরত এহজন নিরাপত্তাকর্মী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটকসংলগ্ন (জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে) মন্ত্রিপরিষদ পত্র গ্রহণ শাখার ছাদে একটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময় সচিবালয়ের পশ্চিম পাশে সরকারি পরিবহন পুলের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। তবে একে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর বিভিন্ন গোয়েন্দা শাখার সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। যে এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানে হরতাল-অবরোধ শুরুর পর থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া হরতালের সময় ওই এলাকায় ব্যারিকেড দিয়ে রাস্তাও বন্ধ করে রাখে পুলিশ।
দগ্ধ চালকের মৃত্যু: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক এস খালেদ জানান, সাবেরের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাঁকে বাঁচানো যায়নি। সকাল সাড়ে আটটায় আইসিইউতে তিনি মারা যান।
সাবের আহমদ ফটিকছড়ির মাইজভান্ডার এলাকার বাসিন্দা। তিনি সিএনজিচালিত অটোরিকশা ভাড়ায় চালাতেন। গত বুধবার রাতে হাটহাজারীর বুড়িপুকুর এলাকায় তাঁর অটোরিকশায় পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে তিনি ও অটোরিকশার যাত্রী রণজিৎ নাথ (৩২) দগ্ধ হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে গত বৃহস্পতিবার রণজিৎ মারা যান।
যুবদল নেতার হাতের আঙুল বিচ্ছিন্ন: রংপুর নগরের রবার্টসনগঞ্জ এলাকার একটি বাড়িতে গতকাল বোমা বানাতে গিয়ে যুবদল নেতা ফিরোজ সরকার ওরফে বিপ্লবের ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় তাঁর চিকিৎসা চলছে।
ফিরোজ রংপুর জেলা যুবদলের সহ-সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। তাঁর বাড়ি নগরের পর্যটন মোটেল এলাকায়।
বিকেল পাঁচটার দিকে নগরের রবার্টসনগঞ্জ এলাকার বিএনপির কর্মী রাসেল মিয়ার বাড়ির একটি ঘরের মধ্যে বোমা বানাতে গিয়ে প্রচণ্ড বিস্ফোরণ হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ওই বাড়ির বাসিন্দারা পালিয়ে গেছেন। ফিরোজকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান আবু তালেব জানান, ফিরোজের ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
গাড়িতে পেট্রলবোমা-অগ্নিসংযোগ: চট্টগ্রামের পশ্চিম পটিয়ায় ফকিরনীর হাট সড়কের মাথায় সোমবার রাত ১১টার দিকে বাসে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাসটিতে আগুন ধরে গেলে স্থানীয় লোকজন তা নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাসে কেউ ছিল না।
কিশোরগঞ্জের হোসেনপুর-পাকুন্দিয়া আঞ্চলিক মহাসড়কের মঠখলায় সোমবার রাত নয়টার দিকে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা হয়েছে। বোমাটির বিস্ফোরণ না ঘটায় যাত্রীরা বেঁচে গেছেন।
ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ডাকলাপাড়া এলাকায় সোমবার রাতে তিনটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা ওই মহাসড়কে অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি-জামায়াতের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন-পোদ্দার বাজার সড়কের বালাইশপুর এলাকায় গতকাল সন্ধ্যায় দুটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করেছে মুখোশ পরা দুর্বৃত্তরা। পরে তারা আরেকটি অটোরিকশা রাস্তার পাশের খালে ফেলে দেয়। এ সময় চালক নজরুল ইসলাম ও যাত্রী মাহবুব আলমকে পিটিয়ে আহত করে তারা।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা)