প্রাণ গেল মেয়েটির, শঙ্কায় ছেলেটি
মোটরসাইকেলে করে শহরে ঘুরতে বেরিয়েছিলেন দুই তরুণ-তরুণী। গণভবনের কোনায় মিরপুর সড়কে ওঠার সময়ই বাসের ধাক্কা। ছিটকে পড়েন দুজন। মৃত্যু হয়েছে মেয়েটির আর ছেলেটি এখনো শঙ্কায়।
গতকাল সোমবার বেলা সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম প্রমা (২২)। তিনি যশোর সরকারি কলেজের ছাত্রী ছিলেন। আর আহত তরুণের নাম হাসান (২৪)। তিনি ঢাকা কলেজের ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সানাউল্লাহ বলেন, একটি মোটরসাইকেলে করে ওই তরুণ-তরুণী লেক রোড দিয়ে মিরপুর সড়কে ওঠার সময় লাব্বায়েক পরিবহনের একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে দুজন ছিটকে পড়েন। গুরুতর আহতাবস্থায় দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রমাকে মৃত ঘোষণা করা হয়। প্রমা ও হাসান দুজনেরই গ্রামের বাড়ি যশোরে। পুলিশ জানায়, ওই তরুণ-তরুণীর হেলমেট ছিল না। হাসানের মোটরসাইকেল চালনার লাইসেন্স ছিল কি না, তা জানা যায়নি। মোটরসাইকেলটির মালিকানাসংক্রান্ত তথ্যগুলোও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কয়েক দিন আগে যশোর থেকে ঢাকায় ভগ্নিপতি খালিদ বিন মুহিতের বাড়িতে বেড়াতে আসেন প্রমা। ঢাকায় আসার পর গতকাল তিনি হাসানের সঙ্গে শহরে ঘুরতে বেরিয়েছিলেন।