বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচিতে আরও দুই ব্যক্তি প্রাণ হারালেন। গত সোমবার রাতে চট্টগ্রামের জোরারগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় এনাম হোসেন নামের এক ব্যক্তি নিহত হন। নোয়াখালী শহরে একই রাতে মারা গেছেন জমির হোসেন নামের এক অটোরিকশাচালক। অবরোধকারীরা গতিরোধ করার চেষ্টা করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে জমির নিহত হন বলে জানিয়েছেন তাঁর ভাই।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত সহিংসতায় মোট ১৫ জন নিহত হলেন। ওই নির্বাচনের মাধ্যমে গঠিত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে টানা অবরোধ চলছে ৬ জানুয়ারি থেকে। এদিকে অবরোধে গত ২৪ ঘণ্টায় দেশের ১৩ জেলায় অন্তত ৩৭টি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
অবরোধের কারণে বাস না পেয়ে ট্রাকযোগে ফেনী থেকে চট্টগ্রাম ফিরছিলেন চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজারের একটি দোকানের কর্মচারী এনাম। রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ করে দুর্বৃত্তরা ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে যাত্রী এনাম (৩৩), সুমন শীল (৩২) ও ট্রাকচালক হাফেজ আহমদ (৩৫) দগ্ধ হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে জোরারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক এনামকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পেট্রলবোমায় দগ্ধ হয়ে এনামের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক নুরুল ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এনামের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালী শহরের পৌর কল্যাণ উচ্চবিদ্যালয়ের সামনে গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক জমির (৩২) নিহত হন। নিহত জমিরের ভাই গিয়াস উদ্দিনের ভাষ্য, জমির সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নোয়াখালী শহরে প্রবেশের সময় একদল অবরোধকারী তাঁর গতিরোধের করার চেষ্টা করে। জমির দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সুধারাম থানার পুলিশ জানায়, ঘটনার পরই অবরোধে টহলে থাকা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের এলাকায় কোনো পিকেটারকে পায়নি। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় বিএনপি-জামায়াতের ৫০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। জমিরের লাশ গতকাল বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকারহাট এলাকায় গতকাল সন্ধ্যায় একটি সিমেন্টবোঝাই ট্রাক ও একটি অটোরিকশায় আগুন দেয় অবরোধ সমর্থকেরা।
গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বায়েজীদ থানার আতুরার ডিমো এলাকায় একটি হিউম্যান হলারে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তিনজনকে আটক করে পুলিশ। এর আগে সকালে নগরের ষোলশহর স্টেশনের কাছে একদল যুবক একটি বাসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগের রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০টি গাড়ি ভাঙচুর করে অবরোধকারীরা।
গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলায় গত সোমবার রাত ১০টা থেকে গতকাল মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত অন্তত সাতটি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার ভোরের দিকে পলাশবাড়ীর মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের তিনটি ট্রাক ভাঙচুর করা হয়। সকালের দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, অবরোধকারীরা হঠাৎ করে মহাসড়কে এসে যানবাহনে ইট-পাটকেল ছুড়ে পালিয়ে যাচ্ছে।
লক্ষ্মীপুর-রায়পুর সড়কের ইটেরপোল এলাকায় গতকাল মঙ্গলবার ছয়টি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। সকালে মিয়ার রাস্তার মাথায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। একই সময়ে দালাল বাজার, বাস টার্মিনাল, আলিয়া মাদ্রাসা এলাকায় পিকেটিং করে বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াত-শিবির। এ সময় তিনটি ককটেল বিস্ফোরিত হয়।
কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় গত সোমবার রাতে অবরোধকারীদের হামলায় আর্মড পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম আহত হয়েছেন। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে।
বরিশাল-ঢাকা মহাসড়কের খয়রাবাদ সেতুর অদূরে গত সোমবার রাতে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একজন আহত হন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর ডাকে গতকালের সকাল-সন্ধ্যা হরতালে সহিংসতা ঘটেনি। তবে হরতালের আগের রাতেই চালবাহী ট্রাকে পেট্রলবোমা মারা হয়েছে। ভাঙচুর করা হয়েছে যাত্রীবাহী একটি বাস।
জয়পুরহাটে সোমবার দিবাগত রাত একটার দিকে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের কুঠিবাড়ী সেতুর কাছে ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। জয়পুরহাট জেলা ছাত্রলীগ গতকাল দুপুরে শহরের প্রধান সড়কে অবরোধ ও হরতালবিরোধী মিছিল করেছে।
অবরোধে গত সোমবার যানবাহন ভাঙচুরের অভিযোগে গতকাল কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
এ ছাড়া ফরিদপুরে একটি পিক-আপ ভ্যান ঝালকাঠিতে একটি ট্রাক, চাঁদপুরের শাহরাস্তিতে দুটি ট্রাক, কুমিল্লার দেবীদ্বারে একটি কাভার্ডভ্যানে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, ভৈরব, কক্সবাজার; বরিশাল ও নোয়াখালী অফিস, গাইবান্ধা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি, জয়পুরহাট প্রতিনিধি ও চুয়াডাঙ্গা প্রতিনিধি}