প্রাণনাশের শঙ্কা, তরুণী ব্লগারের জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণনাশের শঙ্কায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক তরুণী ব্লগার। গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর থানায় তিনি এ জিডি করেন। তিনি গণজাগরণ মঞ্চের কর্মী।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, গতকাল দুপুরে থানায় এসে ওই তরুণী ব্লগার জিডি করেন। জিডিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই তরুণী মোহাম্মদপুরের বাসা থেকে বের হয়ে ধানমন্ডিতে যাওয়ার সময় অজ্ঞাত দুই যুবক তাঁকে অনুসরণ করছিলেন। পরে এক সহকর্মীর সহায়তায় তিনি বাসায় ফিরে আসেন।
ওই তরুণী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, বাসার সামনে থেকেই দুই যুবক তাঁর পিছু নিয়েছিলেন। একজনের চোখে চশমা ছিল। অনুসরণের বিষয়টি বুঝতে পেরে তিনি একটি দোকানে ঢোকেন। সেখান থেকে মুঠোফোনে এক বন্ধুকে ডেকে আনেন। পরে বন্ধুর সঙ্গে তিনি বাসায় ফিরে আসেন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ওই তরুণী ব্লগারের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
৭ আগস্ট দুপুরে পূর্ব গোড়ানের ভাড়া বাসায় ঢুকে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নীলাদ্রি হত্যার পর তাঁর স্ত্রী আশা মনি অভিযোগ করেন, কয়েক মাস আগে অজ্ঞাত দুই যুবক নীলাদ্রিকে অনুসরণ করেছিলেন। এতে নিলাদ্রি নিরাপত্তা চেয়ে জিডি করতে খিলগাঁও থানায় গেলে পুলিশ জিডি না নিয়ে তাঁকে দেশ ছাড়ার পরামর্শ দেয়। অবশ্য খিলগাঁও থানার ওসি ওই অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কিছু তাঁর জানা নেই। জিডি করতে এলে অবশ্যই সেটি নেওয়া হতো।