প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় অব্যাহতভাবে প্রাণনাশের হুমকির কারণে আতঙ্কে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের পরিবার। তিনি হলেন বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক কানাইলাল রায়। এ ব্যাপারে গত মঙ্গলবার সন্ধ্যায় নগরের মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন কানাইলাল। তখনো তাঁর ফোনে হুমকি দেওয়া চলছিল। তিনি তা কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে শুনিয়েছেন। গত ১০ জুলাই একইভাবে ফোন করে কানাইলালের কাছে চাঁদা চাওয়া হয়। ওই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। কানাইলাল জানান, মঙ্গলবার বেলা তিনটা থেকে কে বা কারা তাঁকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। তাঁর কাছে চাঁদা দাবি করে পাঁচ লাখ টাকা। তিনটি নম্বর থেকে অব্যাহতভাবে তাঁকে হুমকি দেওয়া চলতে থাকে। এরপর তিনি জিডি করতে যান। একইভাবে গত কয়েক মাসে বিশ্ববিদ্যালয়ের আরও অন্তত ১০ জন শিক্ষকের কাছে চাঁদা দাবি করা হয়।