প্রাণনাশের হুমকিতে ট্রাফিকরা সড়কছাড়া
ঠাকুরগাঁওয়ের পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনো ট্রাফিক পুলিশ নেই। ট্রাফিক পুলিশের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ট্রাকশ্রমিকেরা প্রাণনাশের হুমকি দিলে মহাসড়ক থেকে ট্রাফিক পুলিশ তুলে নেওয়া হয়। ফলে মহাসড়কটি দেড় মাস ধরে ট্রাফিক পুলিশ ছাড়া চলছে। এদিকে যান নিয়ন্ত্রণ না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন শহরবাসী।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত জুলাইমাসে শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কে ট্রাক ঢুকতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ ও ট্রাকশ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব বাধে। সে সময় শ্রমিকেরা ট্রাফিক পুলিশ ও সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ঢুকতে বাধা দিলে এ দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করে।
শান্তিনগর মহল্লার বাসিন্দা আবদুল হক বলেন, দ্বন্দ্বের একপর্যায়ে শ্রমিকেরা ট্রাফিকের পুলিশের ওপর ট্রাক তুলে দিয়ে মেরে ফেলার হুমকি দেন। এরপর থেকে ওই মহাসড়কে কোনো ট্রাফিক পুলিশ নেই।
এ বিষয়ে ট্রাফিক সার্জেন্ট ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে তিনি বলেন, কী কারণে ওই সড়ক থেকে ট্রাফিক পুলিশ প্রত্যাহার করা হয়েছে তা এসপি স্যারের কাছ থেকে শুনলে ভালো হয়।
পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, শ্রমিকদের সঙ্গে বিরোধের মীমাংসা হয়ে গেছে। দ্রুত ওই এলাকায় ট্রাফিক পুলিশ দেওয়া হবে।