প্রাণনাশের হুমকির অভিযোগ চবি উপাচার্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন। এ হুমকির বিষয়ে পৃথক দুটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। সেখানে তিনি একটি অপরিচিত নম্বর থেকে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে হুমকি দেওয়া হয় বলে উল্লেখ করেন। 

আজ মঙ্গলবার দুপুরে হুমকি এবং খুলশী ও হাটহাজারী থানায় জিডি করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৬ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে একটি নম্বর থেকে (৯১৯৮৭৪৯৭৮৮৪৬) তাঁকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এক ব্যক্তি। এ সময় ওই অজ্ঞাত ব্যক্তি তাঁকে আওয়ামী লীগের দালাল বলেও সম্বোধন করেন। এর একপর্যায়ে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে মুঠোফোন অ্যাপসে (ইমু) খুদে বার্তায় তাঁকে জবাই করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন উপাচার্য। এরপর ১৭ আগস্ট হাটহাজারী থানায় এবং ২৪ আগস্ট নগরের খুলশী থানায় এ বিষয়ে জিডি করেন বলে জানান তিনি।
১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনা সভায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে থাপ্পড় ও পাথর মারতে চান বলে মন্তব্য করেন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এর পরদিনই প্রাণনাশের হুমকি পেলেন উপাচার্য। তবে ওই মন্তব্যের সঙ্গে হুমকির সম্পর্ক আছে কি না, জানতে চাইলে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি নিশ্চিত না।’
উপাচার্যের অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসির উদ্দিন ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর। তাঁরা প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’