প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার কয়েকজন পল্লি পশু চিকিৎসকের লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে এ বিষয়ে সালিস অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তাঁরা ওই লিখিত অভিযোগ করেন।
উপজেলার বিভিন্ন অঞ্চলের ২১ জন স্বেচ্ছাসেবক পল্লি পশু চিকিৎসক স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, বিভিন্ন সরকারি-বেসরকারি অধিদপ্তর ও সংস্থা থেকে তাঁরা বিশেষ প্রশিক্ষণ শেষে সনদ নিয়ে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবক হিসেবে পশু চিকিৎসা দিয়ে আসছেন। কিন্তু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরুণ কান্তি দত্ত যোগদানের পর থেকে তাঁদের অবৈধ আখ্যা দিয়ে চিকিৎসা কার্যক্রম থেকে বিরত থাকতে বলছেন। তা না করলে তাঁদের চিকিৎসা বাবদ অতিরিক্ত দুই থেকে তিন হাজার টাকা নেওয়ার শর্ত দিচ্ছেন। একই সঙ্গে চিকিৎসার প্রয়োজনে তাঁকে কোথাও নেওয়া না হলে চিকিৎসকদের প্রতিদিনের উপার্জিত অর্থের অর্ধেকটা তাঁকে দেওয়ার শর্ত দেন। এসব শর্ত না মানলে তাঁদের কোনো পশু চিকিৎসা করতে দেওয়া হবে না, এমনকি প্রয়োজনে তাঁদের পুলিশে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
অভিযোগকারী রেজাউল করিম, ইন্দ্রজিৎ ভট্টাচার্য, আবুল হোসেন, নুরুল ইসলাম, মমতাজ বেগমসহ অনেকেই বলেন, ‘বরুণ কান্তি দত্ত এখানে যোগদানের পর থেকে আমাদের কাছে অন্যায় দাবি করে আসছেন। প্রস্তাবে কেউ রাজি না হলে তাঁকে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করছেন।’
গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলামের কক্ষে তাঁর সভাপতিত্বে উভয় পক্ষকে নিয়ে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান তাঁদের মিলেমিশে কাজ করার কথা বলেন।
অভিযোগ অস্বীকার করে বরুণ কান্তি দত্ত বলেন, ‘আমরা এখানে সেবা দিতে এসেছি। কিন্তু পশু চিকিৎসক হিসেবে যাঁরা নিজেদের দাবি করেন, তাঁদের কতটুকু বৈধতা আছে তা জানার চেষ্টা করতেই এত সমস্যা।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, অভিযোগকারী পশু চিকিৎসকেরা যদি অবৈধ হন, তাহলে তাঁদের বিরুদ্ধে প্রাণিসম্পদ বিভাগ ব্যবস্থা নেবে। আবার প্রাণিসম্পদ কর্মকর্তা যদি দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁর বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।