প্রাণীর ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্য পশুর জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশীর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই শিশুর নাম সাগর মিয়া (৭)। সে একই গ্রামের আহাদ মিয়ার ছেলে। সাগর বৌলাশীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরগির খামারে যাতে বন্য পশু ঢুকতে না পারে সে জন্য খামারের চারদিকে বিদ্যুতায়িত কাঁটাতার পাতা হয়। সকালে ওই কাঁটাতারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর মিয়ার মৃত্যু হয়।

সাগর মিয়ার বড় ভাই আবদুল কাদির বলেন, বৌলাশীর গ্রামের আবদুল আজিজের ছেলে রুমান মিয়া বন্য পশুর হাত থেকে রক্ষার জন্য প্রতিদিন রাত থেকে ভোর পর্যন্ত তাঁর মুরগির ফার্মের চারদিকে কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ-সংযোগ করে থাকেন। ভোরে আম কুড়াতে গিয়ে ওই তারের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুরগির খামারের মালিক রুমান মিয়া এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে লাশের ময়নাতদন্ত এড়াতে সাগরের মামা সাদেক মিয়া ঝড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হওয়ার কথা থানায় অবহিত করেন।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শিবুলাল বসু বলেন, বৌলাশীর গ্রামে ঝড়ে বিদ্যুতের তার বিচ্ছিন্ন হওয়া বা ছিঁড়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে তাদের কাছে কোনো অভিযোগ বা তথ্য নেই।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম বলেন, ‘ওই ঘটনায় আমরা লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসি। এতে উভয় পক্ষের লোকজন মামলা মোকদ্দমায় না জড়িয়ে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে তদবির করেন। এ বিষয়ে মৃত সাগরের মামা থানায় অপমৃত্যুর বিষয়টি উল্লেখ করেছেন, তবে কোনো মামলা করেননি।’