প্রাণের ভয়ে আড়াই মাস আত্মগোপনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের ভয়ে স্ত্রী-সন্তান ছেড়ে দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিলেন রাজধানীর মিরপুরের বাসিন্দা কাজী জামাল হোসেন। গত সপ্তাহে তিনি বাড়ি ফিরে আসেন। কিন্তু নিরাপত্তা নিয়ে এখনো আশ্বস্ত হতে পারছেন না। আতঙ্কে থাকা এই ব্যক্তিকে আশ্বস্ত করতে গতকাল সোমবার তাঁর বাসায় যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। সঙ্গে ছিলেন স্থানীয় পুলিশ কর্মকর্তারাও।
তবে কাজী জামাল হোসেনের এই অভিযোগের সঙ্গে একমত নয় তাঁর তিন ভাই ও এক বোন। তাঁদের এক ভাই প্রথম আলোকে বলেন, পারিবারিক বিরোধের কারণে সবাইকে হয়রানি করতে জামাল হোসেন এই নাটক সাজিয়েছেন। মিরপুর-১–এর ১ নম্বর সেকশনের এফ–ব্লকের একটি বাড়িতে থাকেন জামাল হোসেন। সঙ্গে থাকেন স্ত্রী, ছেলেমেয়ে ও এক নাতনি। জামাল হোসেনের অভিযোগ, তাঁর ছোট ভাইবোনেরা মিলে তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করতে চান। এ কাজে সফল না হয়ে ভাইবোনেরা একাধিকবার তাঁকে মারধর করেন। জীবননাশের হুমকিও দেন। শেষ পর্যন্ত প্রাণের ভয়ে গত বছরের ১২ ডিসেম্বর তিনি পালিয়ে ভারতে চলে যান। বাড়িতে ফিরে আসেন এ বছরের ২০ ফেব্রুয়ারি।
জামাল হোসেনের ছেলে কাজী ইয়াসীর আরাফাত বলেন, ‘আমার দাদার আড়াই কাঠা জমির ওপর ৪০ লাখ টাকা ব্যাংকঋণ নিয়ে এই বাড়িটি বানানো হয়। বাড়িতে মোট ফ্ল্যাট আছে ১২টি। আমার দুই চাচা ও আমার বাবা পেয়েছেন তিনটি করে ফ্ল্যাট এবং দুই ফুফু পেয়েছেন দুটি করে ফ্ল্যাট। সবগুলো ফ্ল্যাটই এখন ভাড়া দেওয়া। ভাড়ার টাকায় ব্যাংকঋণ শোধ করা হচ্ছে এবং কিছু উদ্বৃত্তও থাকে। আমার বাবা এই উদ্বৃত্ত টাকার হিসাব চাইলে গন্ডগোলের শুরু হয়। একপর্যায়ে বাবাসহ আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।’ আর এসব কাজে প্রশাসনের এক ক্ষমতাবান ব্যক্তির হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ইয়াসীর আরাফাত বলেন, তাঁর বাবা নিখোঁজের পরদিন শাহ আলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এবং এর সপ্তাহ খানেক পর জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ করা হয়। কিন্তু তাতেও তাঁর বাবার হদিস না পাওয়ায় ১৩ জানুয়ারি আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়।
আরাফাতের চাচা কাজী আমান হোসেন অবশ্য এ বক্তব্য ঠিক নয় বলে জানান। প্রথম আলোকে তিনি বলেন, ‘বড় ভাই নিজেই আত্মগোপনে যান, অথচ আমাদের হয়রানি করার জন্য আমার ছেলেমেয়ে ও ভাইবোনসহ মোট ১৪ জনের বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়।’ জামাল হোসেনের ছোট ভাই কাজী আমান হোসেনও একই ধরনের বক্তব্য দেন। তিনি প্রথম আলোকে বলেন, সব তাঁদের সাজানো নাটক। অপহরণ মামলার মাধ্যমে হয়রানি করার উদ্দেশ্যেই এই নিখোঁজ নাটক সাজানো হয়েছিল।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান গতকাল জামাল হোসেন ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, ‘পারিবারিক বিরোধ থেকে এ সমস্যা তৈরি হয়েছে। আমরা নিশ্চিত হয়েছি, এর পেছনে প্রশাসনের কিছু ক্ষমতাবান ব্যক্তিও আছেন। যাঁরা প্রভাব খাটিয়ে একজন নাগরিকের নিগ্রহ হবার কারণ হয়ে দাঁড়িয়েছেন এবং তিনি যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত হন এবং আইনের কোনো ধরনের আশ্রয় না পান, সে ব্যবস্থা করতে উদ্যত হয়েছেন।’ তিনি ওই অজ্ঞাতনামা প্রভাবশালী ব্যক্তিদের এখনই সাবধান হওয়ার আহ্বান জানান।