প্রাথমিক বিদ্যালয়ে 'প্রেমপাঠ' শেখানোয় বাধ্যতামূলক ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলার কোমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক শিক্ষার্থীদের ‘প্রেমপাঠ’ শেখাতেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা গতকাল শনিবার সকালে বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষককে লাঞ্ছিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যোগাযোগ করা হলে বদলগাছি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এনামুল হককে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ঘটনাটি তদন্তের জন্য উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম খোকন ও মো. রুহুল আমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ রোববার তাঁরা ঘটনাটি তদন্তে যাবেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এনামুল হক শ্রেণিকক্ষে পাঠদান করানোর সময় প্রেম কীভাবে করতে হয়, তা শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছিলেন। প্রায় দিনই তিনি শ্রেণিকক্ষে পাঠদানের সময় যৌন উত্তেজনাকর মন্তব্য করতেন। ছাত্রীদের শরীরের আপত্তিকর স্থানে তিনি বেত দিয়ে আঘাত করতেন। শিক্ষার্থীরা অভিভাবকদের বিষয়টি জানিয়ে আসছিল। গত বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মো. ছামছুল ইসলামের কাছে গিয়ে অভিযোগ করে। ছামছুল শনিবারে বিষয়টি দেখবেন বলে তিনি শিক্ষার্থীদের বিদায় করেন। ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা গতকাল বিদ্যালয় এসে এনামুল হককে শ্রেণিকক্ষে আটকে রেখে তাঁকে লাঞ্ছিত করেন। খবর পেয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খাইরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

অভিভাবক নাছরিন বেগম বলেন, এনামুল শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের আপত্তিকর কথা বলতেন। শিক্ষার্থীদের প্রেমের সম্পর্ক করার বিষয়ে উৎসাহ দিয়ে আসছিলেন। এ কারণে তাঁরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়েছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলকিছ আরা বেগম জানান, ক্ষুব্ধ অভিভাবকেরা বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হককে লাঞ্ছিত করেছেন। কী কারণে লাঞ্ছিত করা হয়েছে, তা তিনি বলতে পারবেন না।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মো. ছামছুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা তাঁর কাছে এসে এনামুল সম্পর্কে অভিযোগ করেছিল। বিষয়টি শনিবারে দেখা হবে বলে তিনি তাদের জানিয়েছিলেন।

বদলগাছি থানার এএসআই খায়রুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসা করা হবে বলে আমাদের জানানো হয়েছে।’

যোগাযোগ করা হলে এনামুল হক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রেম বিষয়ে পাঠদানের বিষয়টি অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার শ্রেণিকক্ষে কয়েকজন ছাত্রীকে তিনি মারপিট করেছিলেন। এ কারণে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।