প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার মূল প্রশ্নপত্রের ফটোকপিসহ প্রশ্নফাঁসে জড়িত চক্রের দুই সদস্যকে পুলিশ আটক করেছে। আটক ব্যক্তিদের কাছ থেকে পরীক্ষার মূল প্রশ্নপত্রের ফটোকপি, সাদা কাগজে লেখা দুই পাতা উত্তরপত্র ও পাঁচটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
থানা ও গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার জয়পুরহাট জেলা শহরের ১২টি কেন্দ্রে একযোগে বেলা ৩টা থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বেলা ৩টা ২০ মিনিটে শহরের বদর উদ্দিন মাস্টার সড়কের একটি বাসার নিচতলার কক্ষ থেকে পুলিশ মূল প্রশ্নপত্রের ফটোকপিসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে। উদ্ধার করা ফটোকপি মূল প্রশ্নপত্রের ৮ নম্বর সেট।
আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার গনাইগাছি গ্রামের কবিরুল ইসলাম (২৬) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনধারা গ্রামের আবু কাহার (২৪)। কবিরুল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর পাস করেন। পুলিশের কাছে তিনি নিজেকে বেকার বলে দাবি করেন। অন্যদিকে আবু কাহার জয়পুরহাট সরকারি কলেজের দর্শন বিষয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
জয়পুরহাট সদর থানার ওসি আনোয়ার হোসেন ও পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। গতকাল শুক্রবার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নপত্রে জয়পুরহাটে পরীক্ষা অনুষ্ঠিত হয় উদ্ধার করা প্রশ্নের ফটোকপির সঙ্গে তার হুবহু মিল রয়েছে। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, জয়পুরহাটের আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি তাঁদের প্রশ্নপত্রের ফটোকপিটি সরবরাহ করেন। উত্তরপত্র লিখে দেওয়ার জন্য কবিরুলকে ১০ হাজার ও আবু কাহারকে ৫ হাজার টাকা দিয়েছেন আমিনুল।