প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বরাদ্দের টাকা আত্মসাৎ?
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্পের আওতায় গত অর্থবছরে ৬৮ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। বেশির ভাগ বিদ্যালয়ে নামমাত্র কাজ করে আবার কোথাও কাজ না করেই প্রকল্পের টাকা তুলে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
প্রথম আলোর এ প্রতিবেদক গত ৭ থেকে ২৭ আগস্ট ৩১টি প্রাথমিক বিদ্যালয় ঘুরে অভিযোগের সত্যতা পেয়েছেন। এ ছাড়া আরও অন্তত ৬৫টি বিদ্যালয়ে খোঁজ নিয়ে একই রকম অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক প্রকল্প কমিটির সদস্যরা ভাউচার (খরচের বিবরণ) জমা দিয়েছেন। কেউ কাজ না করে ভুয়া ভাউচার জমা দিয়ে টাকা আত্মসাৎ করলে অভিযোগ পাওয়ামাত্র কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও বিভিন্ন বিদ্যালয়ে স্কুল লার্নিং ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (স্লিপ) নামের এ প্রকল্পের টাকা নয়ছয় করায় গত তিন বছর বদরগঞ্জে বরাদ্দ বন্ধ ছিল।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, গত অর্থবছরে এপ্রিলের শেষ সপ্তাহে উপজেলা শিক্ষা কার্যালয় থেকে ১৭১টি বিদ্যালয়ের নিজস্ব হিসাব নম্বরে ৪০ হাজার করে টাকা পাঠানো হয়। বরাদ্দ পাওয়া ওই টাকা দিয়ে বিদ্যালয়ের শিক্ষা উপকরণ কেনাসহ শিক্ষার গুণগত মান উন্নয়নে খরচ করার নির্দেশনা ছিল।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন সূত্রে জানা যায়, বিধি অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে এই টাকার কাজ করার জন্য প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির সমন্বয়ে ১৩ সদস্যের প্রকল্প গ্রহণ কমিটি এবং মালামাল ক্রয়সহ কাজ বাস্তবায়নের জন্য পাঁচ সদস্যের অপর একটি কমিটি করার কথা ছিল। বিদ্যালয়গুলোতে কাগজে-কলমে গত ৩০ জুনের মধ্যে এ প্রকল্পের কাজ সমাপ্ত দেখানো হয়। বাস্তবে কমিটির সদস্যরা কোনো বিদ্যালয়ে নামমাত্র কাজ করে আবার কোনো বিদ্যালয়ে মোটেইকাজ না করে টাকা তুলে আত্মসাৎ করেন।
নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন বিদ্যালয়ের পাঁচজন প্রধান শিক্ষক বলেন, এ প্রকল্পের কাজ বুঝে নেওয়ার দায়িত্ব উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাদের। কিন্তু তাঁরাই অসৎ। কাজ হোক আর না হোক তাঁদের ঘুষ দিতে হয়। না দিলে তাঁরা হয়রানি করেন।
এপ্রকল্পের আওতায় শংকরপুর বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন তাঁর বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ পান। গত ২৮ এপ্রিল তিনি ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি যৌথ স্বাক্ষরে বদরগঞ্জ সোনালী ব্যাংক শাখা থেকে ওই টাকা উত্তোলন করেন। এরপর তাঁর সমন্বয়ে প্রকল্প কমিটি ৩০ জুনের মধ্যে কাজ সমাপ্ত দেখিয়ে যাবতীয় ভাউচার শিক্ষা কার্যালয়ে জমা দেয়। তিনি শিক্ষা উপকরণ হিসেবে ড্রাম সেট, ডিজিটাল মনিটরিং বোর্ড, এমপ্লিফায়ার, সাউন্ড বক্স ক্রয়, বেঞ্চ মেরামত, পতাকা স্ট্যান্ড, প্রাক-প্রাথমিক শিক্ষা উপকরণ ক্রয়, শিক্ষা উপকরণ তৈরি, উপকরণ রাখার স্ট্যান্ড, সবজি বাগান, ডিজিটাল ক্লাস রুটিন তৈরিসহ ১৯টি কাজ করেছেন বলে ভাউচারের মাধ্যমে উপজেলা শিক্ষা কার্যালয়কে জানান।
৭ আগস্ট এ প্রতিবেদক ওই বিদ্যালয়ে গিয়ে দেখেন, প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা কার্যালয়ে জমা দেওয়া তালিকা অনুযায়ী কাজ করেননি। তিনি বলেন, ‘আমি শুধু ৩ হাজার টাকায় একটি ড্রাম সেট ক্রয় করেছি। প্রকল্পের কাজ আগামী ২০১৮ সাল পর্যন্ত করতে পারব। সরকারি নিয়ম রক্ষার জন্য ভাউচার জমা দিয়েছি।’
কুতুবপুরের কালা আমেরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রকল্পের টাকায় কাজ করেছেন জানিয়ে জুনের শেষ সপ্তাহে তালিকা জমা দিয়েছেন। এর মধ্যে এমপ্লিফায়ার, সাউন্ড বক্স ক্রয়, মনিটরিং বোর্ড, ব্ল্যাকবোর্ড রংকরণ, পতাকার স্ট্যান্ড, ড্রাম সেট ক্রয়সহ ১৭টি কাজের তালিকা রয়েছে। বাস্তবে তিনি ৪ হাজার টাকায় শুধু একটি এমপ্লিফায়ার, সাউন্ড বক্স কিনেছেন। তিনি বলেন, ‘ব্যস্ততার কারণে প্রকল্পের টাকায় এখনো সব কাজ করতে পারিনি।’
খোঁজ নিয়ে জানা যায়, ৩০ জুনের আগে আমলীরডাঙ্গা, কুতুবপুর, সর্দারপাড়া বালিকা, বাঘমারারহাট, ঝাড়খন্ড মৌয়াগাছ ও হেলারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ সমাপ্ত দেখানো হলেও ২৮ আগস্ট পর্যন্ত কোনো কাজই করা হয়নি।
কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদরুল আলম বলেন, ‘প্রকল্পের টাকায় কী কাজ হয়েছে তা আমি আপনাকে জানাতে বাধ্য নই।’
বুজুরুক হাজিপুর নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল করিম অভিযোগ করেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রকল্পের ৪০ হাজার টাকায় ২২টি কাজ করার তালিকা উপজেলা শিক্ষা কার্যালয়ে জমা দিলেও কাজ করেছেন মাত্র চারটি।’ প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘ওই তালিকা মোতাবেক কাজ করতে হবে—এমন বিধান নেই।’
ওসমানপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুবার রহমান বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক টাকা উত্তোলন করে কমিটির সদস্যদের না জানিয়ে নামমাত্র কাজ করে আত্মসাৎ করেছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেছি।’
এ ছাড়া হরে কান্তের ডাঙ্গা, মোস্তফাপুর, কাঁচাবাড়ী, মধ্যপাড়া বটতলা, কালুপাড়া ফুলপুকুরের ডাঙ্গা, জামুবাড়ি খামারপাড়া, সাহেদা, দলুয়া, লোহানীপাড়া, লোহানীপাড়া মিশন, কুতুবপুর সর্দারপাড়া, কুতুবপুর খিয়ারপাড়া, মাদাইখামার, জামুবাড়ি ডাঙ্গাপাড়া, চেংমারী, কিসমত ঘাটাবিল, মোকসেদপুর, মাদারগঞ্জহাট, মুচিরহাট, গোপীনাথপুর খানাবাড়ী ও কিসমত ঘাটাবিল সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে একই রকম অভিযোগ পাওয়া গেছে।
তবে রাজারামপুর গোবরগাড়ি, আফতাবগঞ্জ ও বৈরামপুর শান্তিরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে এপ্রকল্পের টাকায় কাজ করার সত্যতা মিলেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এ খলিলুর রহমান মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ‘আমরা অনেক বিদ্যালয় ঘুরে দেখেছি এ প্রকল্পের টাকায় কাজ করা হয়েছে। কাজ হয়নি—এমন বিদ্যালয়ের নাম আপনার কাছে থাকলে পত্রিকায় খবর প্রকাশের আগে আমাকে তালিকা দেন। এরপর দেখেন, আমি ব্যবস্থা নিই কি না।’