প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা, আটক ২

বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে কুপিয়ে ও গোপনাঙ্গ কেটে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে উপজেলার ডুমুরীগ্রামের মধ্যপাড়া থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক কৃষক ও তাঁর স্ত্রীকে পুলিশ আটক করেছে। পুলিশের সন্দেহ, পরকীয়ার জের ধরে হত্যার এ ঘটনা ঘটে থাকতে পারে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিক্ষকের নাম আবদুর রশিদ (৫৭)। তিনি উপজেলার নসরতপুর ইউনিয়নের ডুমুরীগ্রামের মধ্যপাড়ার বাসিন্দা ও ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি মাছ চাষের ব্যবসা করতেন তিনি।
হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ স্থানীয় কৃষক আবদুর রাজ্জাক ও তাঁর স্ত্রী আফরোজা বেগমকে আটক করেছে।
আবদুর রশিদের ভায়রা রেজাউল ইসলাম বলেন, রশিদ প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে পুকুরে মাছের খাবার দিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। অনেক রাত পর্যন্তও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। আজ সকালে গ্রামবাসী ওই পুকুরের কিছু দূরের এক জমিতে রশিদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
মৃতদেহ উদ্ধার করা এক গ্রাম পুলিশ জানান, হত্যাকারীরা রশিদ মাস্টারের মুখমণ্ডলে কুপিয়ে ও গোপনাঙ্গ কেটে মৃত্যু নিশ্চিত করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ হত্যার পেছনে পরকীয়া কারণ হতে পারে বলে জানিয়েছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়িদ মো. ওয়াহেদুজ্জামান। গ্রামবাসীর বরাত দিয়ে তিনি জানান, চাষ করা মাছের খাবার দেওয়ার জন্য প্রায়ই পুকুর পাড়ে যেতেন শিক্ষক রশিদ। ওই সময় পুকুরপাড়ের বাসিন্দা কৃষকের স্ত্রী আফরোজার (৪৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। বছরখানেক আগে নিহত শিক্ষকের সঙ্গে আফরোজার পরকীয়ার অভিযোগ তুলে গ্রাম্য সালিস হয়। সালিসে ওই শিক্ষককে জরিমানা করা হয়। নিহত শিক্ষক এরপরও আফরোজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে। এর জের ধরেই হত্যার ঘটনা ঘটতে পারে।
তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।